‘জীবন দেব কিন্তু কেন্দ্র ছাড়বো না’
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, এবারের নির্বাচন হবে আমাদের জন্য যুদ্ধের ময়দান। যতই মামলা-হামলা করুক, ভয়ভীতি-গুলি উপেক্ষা করে ভোটারদের সঙ্গে থেকে তাদের নিরাপত্তা দেব। মানুষের ভোটের অধিকার আদায় করতে আমরা কেন্দ্রেই থাকবো। প্রয়োজনে জীবন দেব কিন্তু কেন্দ্র ছাড়বো না।শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত রুপগঞ্জের ১ নম্বর ওয়ার্ড থেকে শুরু করে রুপসী তারাবো হয়ে ৯ নম্বর ওয়ার্ড পর্যন্ত প্রায় ৩০টি স্থানে উঠান বৈঠকে একথা বলেন তিনি।তৈমুর দলের নেতাকর্মী ও সাধারণ মানুষদের উদ্দেশে বলেন, আমরা আপনাদের পাশে থাকবো। হাত তুলে শপথ করেন দেশের গণতন্ত্র ফেরাতে সব বাঁধা উপেক্ষা করে কেন্দ্রে গিয়ে ভোট দেবেন।
তিনি বলেন, এই নির্বাচন খালেদা জিয়াকে মুক্ত করার নির্বাচন, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার নির্বাচন, দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনার নির্বাচন। এ থেকে কোনভাবেই কেউ আমাদের দূরে রাখতে পারবে না। সব শ্রেণি-পেশার মানুষ, সাধারণ ভোটারদের নিয়ে আমরা এগিয়ে যাবো।এর আগে সম্প্রতি বিএনপির এই নেতা বলেন, দেশের সাধারণ জনগণ আবারো বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়।
তিনি বলেন, খালেদা জিয়াকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। তা না হলে দেশের মানুষকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। এড. তৈমুর আলম খন্দকার বলেন, আমি বিআরটিসি চেয়ারম্যান থাকাকালীন রূপগঞ্জের নিরীহ ও দরিদ্র ঘরের সন্তানদের চাকরি দিয়েছি, এর বিনিময়ে জেল খেটেছি। বর্তমানে ভূমিদস্যুরা সাধারণ কৃষকের জমি বালু ভরাট করে জবরদখলে নিয়েছে। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে, কোনো ভূমিদস্যুকে রূপগঞ্জের মাটিতে ঠাঁই দেয়া হবে না। তাই আবারো ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।




