231515

পুলিশ চাইলে গোপনে ভোট কর্মকর্তাদের খোঁজ নিতে পারে

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খবরদারি নয়, বরং নির্বাচন সুষ্ঠু করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তবে পুলিশ চাইলে শুধু নতুন কর্মকর্তাদের ব্যাপারে গোপনে খোঁজ নিতে পারে বলেও জানান তিনি।নির্বাচন উপলক্ষে আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এক বিশেষ সভায় তিনি একথা জানান।নুরুল হুদা বলেন, বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী কর্মকর্তাদের খোঁজখবর নিতে পুলিশকে নিষেধ করা হয়েছে। তবে পুলিশ চাইলে শুধু নতুন কর্মকর্তাদের ব্যাপারে গোপনে খোঁজ নিতে পারে।

অভিযুক্ত নির্বাচনী কর্মকর্তাদের সম্পর্কে পুলিশের উদ্দেশে সিইসি বলেন, ‘নির্বাচনে তারা ভোটগ্রহণ করতে না পারে, যাতে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড করতে না পারে, সে রকম যদি কোনো ইভেন্ট থেকে থাকে তাদেরকে আলাদাভাবে শনাক্ত করে নির্বাচনের দায়িত্বে যাতে তারা না যেতে পারে সেটা করতে পারেন। কিন্তু প্রত্যেকটি পুলিশ অফিসার যদি প্রত্যেকটি প্রিজাইডিং অফিসারের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন তাহলে তারা এটাতে বিব্রত বোধ করতে পারেন। আর আমরা এটা চাই না। ’

বিনা কারণে কোনো মনোনয়নপ্রত্যাশীকে হয়রানি না করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেছেন, ‘সংবিধানে নির্বাচন আয়োজনে পুলিশের দায়িত্বের কথা বলা হয়েছে। তাই খবরদারি নয়, নির্বাচন সুষ্ঠু করার জন্য পুলিশকে অনুরোধ করা হয়েছে। ’আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিশেষ সভায় স্বরাষ্ট্রসচিব, পুলিশের আইজিপি, ডিএমপি কমিশনার এবং সারা দেশ থেকে পুলিশের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত