সরকার ভোট কেন্দ্র পর্যন্ত যেতে পারবে না: কাদের সিদ্দিকী
বর্তমান সরকার এবার ভোট কেন্দ্র পর্যন্ত যেতে পারবে না বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর হোটেল লেকশোতে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।‘ইভিএমকে না বলুন, আপনার ভোটকে সুরক্ষিত করুন’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।কাদের সিদ্দিকী বলেন, আমরা বলছি- ভোট হতে দেয় না, নিয়ে যায়। এটা আমরা ভুল বলছি। গত ৫ জানুয়ারি ভোট হয়নি। সেই ভোটে যদি আমরা অংশগ্রহণ করতাম। ওই সময় যদি কারচুপি করতো তাহলে আমরা একথা বলতে পারতাম। তবে বর্তমান সরকার এবার ভোট কেন্দ্র পর্যন্ত যেতে পারবে? আমার সন্দেহ আছে।
ইসিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা ইভিএম চাই না। কারণ যারা ভোট দেবে, তারা ইভিএম দেখেনি। সুতরাং আগে নিজেরা শিখুন। এরপর জনগণকে প্রশিক্ষণ দেন।নাগরিক ঐক্য আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, আমরা নির্বাচনে যেতে চাই। নির্বাচনের মাধ্যমেই লড়াই করতে চাই। সেই লড়াইয়ে আমাদেরকে জিততে হবে। এর জন্য গণআন্দোলন করতে হবে। এছাড়া বিকল্প পথ নেই। এর জন্য আমরা নির্বাচন করছি।
গণস্বাস্থ্য বোর্ডের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ইভিএম কতটি কেন্দ্রে ব্যবহার করবে। তা ইসি বলছে না। কারণ তাদের বদ মতলব আছে। কিন্তু দেশের হাওয়া বদলে গেছে। সুতরাং যতই চালাকি করুন, ইভিএম এর চালাকি বন্ধ করতে হবে।ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির ড. মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ঐক্যফ্রন্ট নেতা সুব্রত চৌধুরী, ২০ দলীয় জোটের শীর্ষ নেতা মোস্তফা জামাল হায়দারসহ প্রমুখ বক্তব্য রাখেন।সূত্র: বাংলাদেশ জার্নাল




