মনোনয়ন নয় শোডাউনকারীদের
নির্বাচনী আচরণবিধি ও দলীয় নির্দেশনা অমান্য করে বিএনপির যেসব মনোনয়নপ্রত্যাশী সাক্ষাৎকার দিতে এসে নিজের কর্মী-সমর্থকদের নিয়ে শোডাউন দিচ্ছেন, তাদের মনোনয়ন দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকাল ১০টা থেকে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার চলাকালে তিনি এসব কথা বলেন।সরেজমিনে দেখা যায়, সকাল থেকে ঢাকা, ময়মনসিংহ ও সাংগঠনিক বিভাগ ফরিদপুরের মনোনয়নপ্রত্যাশীরা তাদের কর্মী- সমর্থকদের নিয়ে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনের রাস্তায় অবস্থান নেন। এতে স্বাভাবিক যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।
এসময় মির্জা ফখরুল চেয়ারপারসনের কার্যালয়ের দ্বিতীয় তলার বেলকনি থেকে মাইকে মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশ করে বলেন, শেষবারের মতো বলছি— এখন যারা কর্মী- সমর্থকদের নিয়ে শোডাউন দিচ্ছেন, তারা শোডাউন বন্ধ করুন। মূল রাস্তা ছেড়ে দিয়ে পাশের গলিতে অবস্থান করুন। সড়কে শৃঙ্খলা বজায় রাখুন। যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করবেন না।তিনিবলেন, যারা শোডাউন দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, কাজের স্বাভাবিক পরিবেশে বিঘ্ন ঘটাবেন, তাদের দলীয় মনোনয়ন দেওয়া হবে না।এদিকে সকাল থেকেই চেয়ারপারসনের কার্যালয়ের আশপাশের রাস্তায় নেতাকর্মীদের সরব উপস্থিত বিরাজ করছে। এতে করে রাস্তায় যান চলাচল ও সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।প্রসঙ্গত, গত ১৮ নভেম্বর থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়। গত তিন দিন ধরেই বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের সামনে এবং আশপাশের এলাকায় দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিত লক্ষ্য করা যায়।




