মহাজোটে যেতে বাপ-বেটার শর্ত
একাদশ সংসদ নির্বাচনে মহাজোটের হয়ে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন বিকল্প ধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে বি চৌধুরী প্রধানমন্ত্রীর সরকারি বাড়ি গণভবনে ঢোকেন। তিনি সোয়া এক ঘণ্টার মতো ছিলেন সেখানে। বি চৌধুরীর সঙ্গে ছেলে মাহি বি চৌধুরী ও বিকল্প ধারার মহাসচিব আবদুল মান্নানও ছিলেন।সূত্র জানায়, মহাজোটের হয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩৮টি আসন দাবি করেছে সাবেক রাষ্ট্রপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট।
গণভবন সূত্রের খবর, মঙ্গলবার রাত ৮টার দিকে বিকল্পধারার চেয়ারম্যান অধ্যাপক ডা. বদরুদ্দোজা চৌধুরী, মহাসচিব মেজর (অবসরপ্রাপ্ত) আবদুল মান্নান ও যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে যান। পরে রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে একান্ত বৈঠক করেন যুক্তফ্রন্ট চেয়ারম্যান।উক্ত বৈঠকে যুক্তফ্রন্টের পক্ষ থেকে ৩৮টি আসনের একটি তালিকা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার হাতে তুলে দেন যুক্তফ্রন্ট চেয়ারম্যান অধ্যাপক বি চৌধুরী। তবে আলোচনায় চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে গণভবন সূত্রের খবর।জিয়াউর রহমান বিএনপি গঠনের সময় এই দলের মহাসচিব ছিলেন আওয়ামী লীগের নেতা কফিল উদ্দিন চৌধুরীর ছেলে ডা. বি চৌধুরী।২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার পর রাষ্ট্রপতি হন তিনি। এরপর দলে মতদ্বন্দ্বের কারণে তাকে রাষ্ট্রপতির পদ হারাতে হয়েছিল। পরে তিনি বিকল্পধারা বাংলাদেশ নামে নতুন দল গঠন করেন।রাজনৈতিক মেরুকরণে বিকল্প ধারার পাল্লা এতদিন বিএনপিমনাদের দিকেই ঝুঁকে ছিল। বিএনপিকে নিয়ে কামাল হোসেনের উদ্যোগে গঠিত জোট জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের প্রক্রিয়ায়ও ছিলেন তিনি।কিন্তু শেষ মুহূর্তে বি চৌধুরী জাতীয় ঐক্যফ্রন্ট থেকে মুখ ফিরিয়ে নেন; এরপর আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট থেকে নির্বাচনের ঘোষণা দেওয়া হয় তার দলের পক্ষ থেকে।সূত্র: বাংলাদেশ জার্নাল




