231374

‘ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারবেন না প্রধানমন্ত্রীও’

নিউজ ডেস্ক।। নির্বাচনী আচরণবিধি অনুসারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এখন কোনো উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। আজ বুধবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। ইসি সচিব বলেন, ‘পুরোনো প্রকল্পে অর্থ ছাড় করায় বাধা না থাকলেও নতুন কোনো প্রকল্প গ্রহণ, অনুমোদন ও অর্থ বরাদ্দ করা যাবে না। কেউ কোনো ভিত্তিপ্রস্তরও স্থাপন করতে পারবেন না। এমনকি প্রধানমন্ত্রীও এ ধরনের কাজ করতে পারবেন না। যদি কেউ করেন তাহলে আচরণ বিধির লঙ্ঘন হবে।’

ইসি সচিব বলেন, নির্বাচনের আচরণবিধি অনুযায়ী সরকারি সুবিধাভোগী, অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্য, সংসদ উপনেতাসহ অন্যরা নির্বাচনকালীন সময়ে কোনো উন্নয়ন কাজের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন কিংবা অনুদান বা সহায়তা দিতে পারেন না।

এই কর্মকর্তা আরও বলেন, ‘আমরা বিভিন্ন মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছি, যাতে নির্বাচনকে লক্ষ্য করে কোনো প্রকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে যাতে নতুন কোনো প্রকল্প গ্রহণ না করা হয়। যে প্রকল্প আছে সেগুলো চলমান থাকবে। কিন্তু ভোটকে কেন্দ্র করে, নির্বাচনকে কেন্দ্র করে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড, ভিজিডি প্রদান বা টিন (ঢেউ টিন) দেওয়া, ভিজিএফ কার্ড দেওয়া, মানুষকে সহযোগিতা করা এগুলো যাতে না করা হয়।’ গত ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ওই তফসিল অনুযায়ী, ২৩ ডিসেম্বর ভোটের দিন নির্ধারিত হয়। পরে বিভিন্ন রাজনৈতিক দলের আবেদনের ভিত্তিতে ২৩ ডিসেম্বরের পরিবর্তে এক সপ্তাহ পিছিয়ে ৩০ ডিসেম্বর ভোটের তারিখ নির্ধারণ করা হয়। উৎস: দৈনিক আমাদের সময়।

ad

পাঠকের মতামত