231268

‘বঙ্গবন্ধু স্যাটেলাইট নিখোঁজে’র সংবাদটি গুজব

সামাজিক যোগাযোগের মাধ্যমসহ কয়েকটি ‘অখ্যাত’ অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নিখোঁজ’ শিরোনামের একটি প্রতিবেদনকে ‘গুজব’ হিসেবে চিহ্নিত করেছে তথ্য মন্ত্রণালয়ের গুজব প্রতিরোধ ও অবহিতকরণ সেল। বুধবার সকালে গণমাধ্যমে পাঠানো এক তথ্য বিবরণীতে এ বিষয়ে জানানো হয়। এর মাধ্যমে গত সেপ্টেম্বরে যাত্রা শুরু করা বিশেষ এই সেলটি প্রথমবারের মতো কোনো গুজবের মীমাংসা করে তা সংবাদমাধ্যমকে জানালো।তথ্যবিবরণীতে বলা হয়, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট নিখোঁজ’ শিরোনামে সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন অনঅনলাইন পোর্টালে প্রচারিত সংবাদটি একটি গুজব।

এতে জানানো হয়, বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট নিয়ন্ত্রণের দায়িত্ব ফ্রান্সের কোম্পানি তালেস এলিনিয়া স্পেস বাংলাদেশকে বুঝিয়ে দিয়েছে। বাংলাদেশ টেলিভিশন বঙ্গবন্ধু স্যাটেলাইটের ফ্রিকোয়েন্সি ব্যবহার করে প্রতিদিন সফলভাবে অনুষ্ঠান সম্প্রচার করছে। অতএব, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নিখোঁজ’ শিরোনামে প্রচারিত সংবাদটি একটি উদ্দেশ্যপ্রণোদিত গুজব। এতে বিভ্রান্ত না হওয়ার জন্য তথ্য মন্ত্রণালয়ের ‘গুজব প্রতিরোধ ও অবহিতকরণ সেল সংবাদটি গুজব হিসেবে চিহ্নিত করেছে।প্রসঙ্গত, গত আগস্ট-সেপ্টেম্বরে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় বিভিন্ন ধরনের গুজব ছড়ানোর প্রেক্ষাপটে জাতীয় নির্বাচনের আগে ইন্টারনেটে ‘অপপ্রচার’ বন্ধে তথ্য মন্ত্রণালয়ের অধীনে একটি ‘গুজব প্রতিরোধ ও অবহিতকরণ সেল’ গঠন করে সরকার।

ad

পাঠকের মতামত