নারায়ণগঞ্জে চালু হবে ইলেকট্রিক ট্রেন
নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ থেকে সাইনবোর্ড মোড় এবং চিটাগাং রোড হয়ে পঞ্চবটির পর্যন্ত ইলেকট্রিক ট্রেন চালুর প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। মঙ্গলবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে সচিবালয়ে ‘নারায়ণঞ্জ সিটি করপোরেশনে লাইট রেল ট্রানজিট (এলআরটি) স্থাপনের নীতিগত প্রস্তাব’ অনুমোদন করা হয়।
জানা যায়, লাইট র্যাপিড ট্রানজিট-এমন একটি গণপরিবহন ব্যবস্থা, যা ইলেকট্রিক ট্রেনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যাত্রী পরিবহন করে। বর্তমানে বিশ্বের ৩৮৮টি নগরীতে এই ব্যবস্থা চালু রয়েছে।উন্নত বিশ্বের ধারাবাহিকতায় এবার নারায়ণগঞ্জে স্থাপন করা হবে লাইট রেল ট্রানজিট। জেলার নিতাইগঞ্জ থেকে চাষাঢ়া হয়ে সাইনবোর্ড মোড় পর্যন্ত একটি রুটের দৈর্ঘ্য হবে ১১ কিলোমিটার। আর চিটাগাং রোড হয়ে পঞ্চবটি পর্যন্ত আরেকটি রুট ১২ কিলোমিটার দীর্ঘ।
ইলেকট্রিক ট্রেন চালু হলে এসব রুটে প্রতিদিন গড়ে এক লাখ ২০ হাজার যাত্রী যাতায়াত করতে পারবে বলে সংশ্লিষ্টদের ধারণা।মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোসাম্মৎ নাসিমা বেগম সাংবাদিকদের জানান, নারায়ণগঞ্জে লাইট রেল ট্রানজিট (এলআরটি) স্থাপন প্রকল্পটি ‘জিটুজি’ ভিত্তিতে এবং পিপিপি পদ্ধতিতে বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে। কারণে বাংলাদেশ সরকার ও সিঙ্গাপুরের মধ্যে একটি ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট আছে। তারা (সিঙ্গাপুর) ট্রান্সপোর্ট, টুরিজমসহ বিভিন্ন খাতে কাজ করবে। যোগাযোত খাতের জন্য প্রস্তাব চাওয়া হলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এই প্রস্তাব দাখিল করে।এদিকে ইলেকট্রিক ট্রেন চালুর প্রস্তাবে মন্ত্রিসভা কমিটির নীতিগত অনুমোদন মেলায় এবার এর সম্ভাব্যতা যাচাই করা হবে।




