230981

তৃতীয় দিনের সাক্ষাৎকারে নেই তারেক রহমান

নির্বাচন সামনে রেখে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের তৃতীয় দিনের সাক্ষাৎকার শুরু হয়েছে। তবে আজ যুক্ত হতে পারেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।মঙ্গলবার সকাল ৯টার পর বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎকার শুরু হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের মনোনয়ন বোর্ডের সদস্যরা সাক্ষাৎকার নিচ্ছেন।বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, ফেনী-১ আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণের মধ্য দিয়ে চট্টগ্রাম বিভাগের সাক্ষাৎকার শুরু হয়েছে। বিকালে হবে সিলেট ও কুমিল্লা বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার।

শামসুদ্দিন দিদার জানান, সোমবার বিকাল থেকেই গুলশান কার্যালয়ে ইন্টারনেট সংযোগ নেই। তাই স্কাইপিতে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার পর্বে এখনও পর্যন্ত যুক্ত হতে পারেননি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।শামসুদ্দিন দিদার বলেন, বিকাল ৩টা থেকেই চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন। এরপর থেকে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মনোনয়নপ্রত্যাশীদের স্কাইপে কথোপকথনও বন্ধ রয়েছে।

নির্বাচনী কার্যক্রমে বিঘ্ন ঘটাতে সরকারি নির্দেশে টেলি রেগুলেটরি কমিশন-বিটিআরসি এমন কাজ করেছে বলে অভিযোগ বিএনপির।এ বিষয়ে বিটিআরসি গতকাল জানায়, কারিগরি ত্রুটির কারণে এমনটি হতে পারে। বিষয়টি দেখা হচ্ছে।নির্ধারিত সূচি অনুযায়ী, বুধবার মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শেষ হবে। এদিন সকালে ময়মনসিংহ, ফরিদপুর এবং বিকালে ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার হবে।বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী মনোনয়ন বোর্ডে রয়েছেন।

ad

পাঠকের মতামত