‘এমন গল্পে পৃথিবীর কোথাও সিনেমা হয়নি’
দেশের শীর্ষস্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত সিনেমা ‘দহন’। কাজ শেষে সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়। দুটি পোস্টার ও দুটি গান প্রকাশ হয়েছে এই সিনেমার। তাতেই বেশ আলোচিত হয়েছে। যদিও ‘হাজির বিরিয়ানি’ নামক একটি গানের কারণে সমালোচনার মুখে পড়তে হয়েছে ‘দহন’কে। তবে দর্শকমনে সিনেমাটি নিয়ে আগ্রহ এখনো ব্যাপক।
‘দহন’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে বাংলাদেশের রাজনীতির অন্ধকার দিক নিয়ে। রাজনীতির নামে মানুষের ক্ষতি করা ও মানুষ হত্যার ঘটনা তুলে ধরা হয়েছে এতে। জানা গেছে, পেট্রোল বোমায় মানুষ পুড়িয়ে মারার ঘটনাও উঠে আসবে ‘দহন’-এ।আর এমন প্রেক্ষাপটের গল্প একেবারেই মৌলিক বলে দাবি করছেন সিনেমার পরিচালক রায়হান রাফি ও প্রযোজক আব্দুল আজিজ। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, এই গল্পের ছবি পৃথিবীর কোথাও কখনো হয়নি। কারণ এসব ঘটনা পৃথিবীর অন্য দেশে ঘটে না। যার কারণে তারা বানানোর সুযোগ পায়নি।
‘পোড়ামন ২’ সিনেমার প্রসঙ্গ টেনে আব্দুল আজিজ বলেন, ‘পোড়ামন ২’কে যদি আমি ১০-এর মধ্যে ৫ দেই, তাহলে ‘দহন’কে আমি ৯ দেবো। কারণ এরকম ছবি বাংলাদেশে এখনো পর্যন্ত হয়নি।‘দহন’-এর গল্প প্রসঙ্গে নির্মাতা রায়হান রাফি বলেন, আমরা যখন সম্পাদনার জন্য ছবিটি ভারতে নিয়ে যাই, তখন এডিটররা অবাক হয়েছিলেন। তারা প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না, এমন ঘটনা বাস্তবে ঘটতে পারে। কিন্তু যখন বাস্তব ফুটেজ তাদের দেখাই, সেখানে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে ফেলার ঘটনা দেখলো, তখন তারা হতভম্ভ হয়ে যান। অর্থাৎ তাদের দেশেও এমন ঘটনা ঘটে না।
‘পোড়ামন ২’ খ্যাত নির্মাতা রায়হান রাফি আরো জানান, এই ছবির অধিকাংশ শুটিং হয়েছে বাস্তব লোকেশনে। সাজানো সেটে আমরা কিছু তুলে ধরার চেষ্টা করিনি। বাস্তবের টিভি চ্যানেল, থানা, রাস্তা, বাস পোড়ানো; সবই মানুষের চেনা পরিচিত। তাই এই ছবিটি অনেক বেশি বাস্তবসম্মত লাগবে দর্শকের কাছে।‘দহন’ সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, পূজা চেরি ও জাকিয়া বারী মম। আগামী ৩০ নভেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।




