শেখ হাসিনাকে জয় উপহার দিতে চান সালমান এফ রহমান
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়নবিষয়ক উপদেষ্টা ও বেক্সিমকোর সহসভাপতি সালমান এফ রহমান বলেছেন, দেশের উন্নয়নের স্বার্থে বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।তা না হলে আজকের এ উন্নয়নের বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিতে হবে। গতকাল নবাবগঞ্জে দিনব্যাপী কেন্দ্রভিত্তিক ভোটারদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আসন্ন সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন, তা হলে দোহার-নবাবগঞ্জ (ঢাকা-১) আসন থেকে আমি নির্বাচন করব। আশা করি আপনারা আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে এ আসনটি উপহার দেবেন।
সালমান এফ রহমান গতকাল আগলা ইউনিয়নের চরচরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেনুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুবেদ আলী টিপুর আঙ্গিনা, রেজাউরের বাড়ির আঙ্গিনা, নোয়াদ্দা মন্দির আঙ্গিনা, আফাজ উদ্দিন দরগা শরিফ, চান্দার টেক, চুড়াইন ৮নং ওয়ার্ড আফজালের বাড়ি, আব্দুল হালিম ফাউন্ডেশনের আঙ্গিনা এবং দুর্গাপুর শহিদুল্লাহ দুলালের আঙ্গিনায় উঠান বৈঠক করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক গণপরিষদ সদস্য আবু মো. সুবেদ আলী টিপু, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সহসভাপতি আজিজুর রহমান ফকু, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ প্রমুখ। সূত্র: দৈনিক আমাদের সময়




