‘হাসিনা: এ ডটারস টেল’ এক কথায় অসাধারণ: শাকিব খান
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জীবনী নিয়ে নির্মিত হয়েছে ডকু-ফিকশন ‘হাসিনা: এ ডটারস টেল’। গেল শুক্রবার এটি মুক্তি পেয়েছে দেশের চারটি সিনেমা হলে। মুক্তির আগের দিন স্টার সিনেপ্লেক্সে ছিল জমকালো প্রিমিয়ার। সেখানে একাধিক মন্ত্রী, শীর্ষ রাজনৈতিক নেতা, শিল্পপতিরা এসেছিলেন এই ডকু-ফিকশন দেখতে।শত ব্যস্ততার মাঝেও ওই প্রিমিয়ারে হাজির হয়েছিলেন চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। তিনিও উপভোগ করেছেন ‘হাসিনা: এ ডটারস টেল’। শেখ হাসিনার জীবন ভিত্তিক প্রামাণ্যচিত্র ‘হাসিনা: এ ডটারস টেল’ দেখে কেমন লেগেছে, তা জানান দুই বাংলার ‘ভাইজান’-খ্যাত তারকা।
শাকিব খান বলেন, এক কথায় অসাধারণ। যিনি বানিয়েছেন চমৎকার করেই বানিয়েছেন। এমন ছবি আমাদের অনেক হওয়া উচিত এবং আমাদের দেখা উচিত। আমরা এই প্রজন্মের যারা মুক্তিযুদ্ধ দেখিনি তাদের এটি দেখে অনেক কিছুই শেখার আছে। অনেক অতীত ইতিহাস মানুষের চোখের সামনে চলে এসেছে এবং অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছে।
‘হাসিনা: এ ডটারস টেল’ ডকুড্রামাটি সিআরআই ও অ্যাপেল বক্স এই দুটি প্রতিষ্ঠানের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে। ডকুড্রামায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও শেখ রেহানার বয়ানে তাদের পরিবারের নানা দিক তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতা পিপলু খান।




