দেড় ঘণ্টার ব্যবধানে প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা
সিরাজগঞ্জের তাড়াশে মাত্র দেড় ঘণ্টার ব্যবধানে আত্মহত্যা করেছে এক প্রেমিক যুগল। শনিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের চক-জয়কৃঞ্চপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন-জয়কৃঞ্চপুর গ্রামের আব্দুর রউফের মেয়ে মাদ্রাসা পড়ুয়া নবম শ্রেণির ছাত্রী রুবিনা খাতুন (১৫) ও পার্শ্ববর্তী রঘুনিলী গ্রামের ময়ান আলী ওরফে মইলামদীর ছেলে সাহেদ আলী (১৮)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রুবিনা খাতুনের সঙ্গে সাহেদ আলীর দীর্ঘদিনের সম্পর্ক। সম্প্রতি অন্য জায়গায় রুবিনার বিয়ে ঠিক হয়। কিন্তু, বিয়েতে তার মত নেই। এরপরও অভিভাবকেরা বিয়ের সিদ্ধান্তে অটল থাকে এবং রুবিনাকে বকাঝকা করেন।এতে অভিমান করে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রুবিনা বাড়ির কক্ষ আটকে কীটনাশক পান করেন। পরিবারের সদস্য টের পেয়ে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।
রুবিনার আত্মহত্যার খবর পেয়ে প্রেমিক শাহেদ আলী দুপুর দেড়টার দিকে বাড়িতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।




