মাশরাফির পক্ষে ভোট চেয়ে উঠান বৈঠক
বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার পক্ষে নৌকায় ভোট চেয়ে উঠান বৈঠক করা হয়েছে। শনিবার বিকালে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, যুব মহিলা লীগের আয়োজনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। নড়াইল সদর উপজেলার বেনাহাটি গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বেনাহাটি গ্রামের অজিৎ বিশ্বাসের বাড়িতে উঠান বৈঠকে আওয়ামী লীগ নেতা পরিতোষ বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার খসরুল আলম পলাশ, জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক সঞ্জিবা হক রীপা, সদস্য সঞ্চিতা হক রিক্তা, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম বাবলু, তুলারামপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খুরশীদ আলম, যুবলীগ নেতা নূর আলম শিহাব প্রমুখ।
বক্তারা বলেন, নড়াইল-২ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন। আমরা আশা করছি প্রধানমন্ত্রী মাশরাফিকেই আওয়ামী লীগের প্রর্থী হিসাবে মনোনীত করবেন।
নৌকা প্রতীকের প্রার্থীকে ভোটদানের আহবান জানিয়ে বক্তরা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আওয়ামী লীগকে আগামী সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীকে ভোট দিয়ে পুনরায় ক্ষমতায় আনবেন। উঠান বৈঠকে বেনাহাটি গ্রামের নারী পুরুষসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।




