229937

গায়েবানা জানাজা মক্কা-মদিনায়

আন্তর্জাতিক ডেস্ক।। মরদেহের সন্ধান পাওয়া না গেলেও সৌদি আরবের দুই পবিত্র নগরী মক্কা ও মদিনায় অনুষ্ঠিত হয়েছে সাংবাদিক জামাল খাশোগির জানাজার নামাজ। আলজাজিরা জানিয়েছে, শুক্রবার মক্কার গ্রান্ড মসজিদ ও মদিনার মসজিদে নববিতে খাশোগির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। মদিনার জানাজায় অংশ নেন খাশোগির সন্তান সালাহ খাশোগি। ২ অক্টোবর তুরস্কের ইস্তানবুলে সৌদি দূতাবাসে প্রবেশের পর পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হন খাশোগি। সৌদি এ নাগরিক গ্রেপ্তার-আতঙ্কে গত বছর থেকে যুক্তরাষ্ট্রে স্বেচ্ছানির্বাসনে ছিলেন। তুর্কি বন্ধু হাতিস চেঙ্গিসকে বিয়ে করার জন্য তিনি ইস্তানবুলে গিয়েছিলেন।

তুরস্কের দাবি, ওই দূতাবাসের ভেতর রিয়াদ থেকে যাওয়া ১৫ এজেন্টের একটি ঘাতক দল খাশোগিকে শ্বাসরোধে হত্যা করেছে। মরদেহ টুকরো টুকরো করে পাঁচটি সুটকেসে পুরে দূতাবাস থেকে বের করা হয়। ধারণা করা হচ্ছে, দেহাবশেষ নিশ্চিহ্ন করতে অ্যাসিডে চুবানো হয়েছে। এ কাজে রিয়াদ আলাদাভাবে বিশেষজ্ঞ দলও পাঠিয়েছিল বলে অভিযোগ উঠেছে। সৌদি আরবও শেষ পর্যন্ত হত্যাকাÐের কথা স্বীকার করেছে। কিন্তু রিয়াদের দাবি, এ ঘটনায় ক্ষমতাসীন যুবরাজ মোহাম্মদ বিন সালমান দায়ী নন। কিন্তু অনেকেই মনে করছেন, নাটের গুরু তিনিই। এ সপ্তাহে সৌদি কৌঁসুলি জানিয়েছেন, হত্যাকাণ্ড জড়িত পাঁচজনের মৃত্যুদণ্ড চান তিনি।

আলজাজিরা জানিয়েছে, ইস্তানবুলের ফাতিহ মসজিদেও অনুষ্ঠিত হয়েছে খাশোগির গায়েবানা জানাজা। লন্ডনের ফিনসবারি পার্ক মসজিদেও এই জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা খাশোগি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সৌদি আরবের ১৭ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এ হত্যাকাণ্ড বিষয়ে এই প্রথম দৃশ্যমান কোনো পদক্ষেপ নিল ট্রাম্প সরকার। নিষিদ্ধ ওই ব্যক্তিদের মধ্যে রয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাবেক উপদেষ্টা সৌদ আল-কাহতানি ও সৌদি কনসাল জেনারেল মোহাম্মেদ আলোতাইবি। এসব ব্যক্তির ওপর ঠিক কী ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তা এখনো খোলাসা করা হয়নি। এক বিবৃতিতে মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মানচিন বলেন, ‘এই নিষেধাজ্ঞার ফলে খাশোগি হত্যাকাণ্ড জড়িতরা যুক্তরাষ্ট্রে বসবাস করা এবং কাজ করার ক্ষেত্রে বিপাকে পড়বেন।’

ad

পাঠকের মতামত