মতিউরের স্ত্রীকে দেখানো হলো না আর ডাক্তার
ডেস্ক রিপোর্ট।। অবসর ভাতা তুলে স্ত্রীকে ডাক্তার দেখানোর কথা ছিল শিক্ষক মতিউর রাহমানের (৮৫)। কিন্তু তার আগেই বেপরোয়া ট্রাক কেড়ে নিল স্ত্রী আছিয়া খাতুনসহ (৭৫) তার প্রাণপ্রদীপ। গতকাল দুপুরে টাঙ্গাইলের সখীপুর-গোপিনপুর সড়কের তৈলধারা বটবাড়ি মোড় এলাকায় মালবাহী একটি ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোভ্যানের সংঘর্ষে নিহত হন তারা। এ দম্পতি উপজেলার আদানী-ভূঁয়াইদ গ্রামের বাসিন্দা। মতিউর ছিলেন উপজেলার ইন্দারজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। এ ছাড়া পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ আরও আটজনের প্রাণহানি ঘটেছে। প্রতিনিধিদের পাঠানো খবরÑ
সখীপুর : মতিউর রাহমান গতকাল অবসর ভাতা তুলতে এবং স্ত্রীকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে অটোরিকশায়
করে সখীপুর যাচ্ছিলেন। তৈলধারা বটবাড়ি মোড়ে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাক তাদের বহনকারী অটোরিকশাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন ওই দম্পতিসহ অটোরিকশার পাঁচ যাত্রী। সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মতিউর রহমান ও তার স্ত্রীকে মৃত ঘোষণা করেন। সিরাজগঞ্জ : বেলকুচি উপজেলার চালা ক্ষিদ্রমাটিয়া আঞ্চলিক সড়কের উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল এলাকায় গতকাল দুপুরের দিকে অটোভ্যানচাপায় সুমিত দাস (৪) নামে এক শিশু নিহত হয়। সে পৌর এলাকার চালা মহল্লার সুমন দাসের ছেলে।
ঠাকুরগাঁও : পীরগঞ্জ-ঠাকুরগাঁও পাকা সড়কের গুয়াগাঁও নামক স্থানে গতকাল সকালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল রাস্তার পাশে শিমুল গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই নিহত হন আরোহী জহিরুল ইসলাম (৩০)। তার বাড়ি দিনাজপুরের কাহারোল উপজেলার ভাটগা সুন্দরপুর গ্রামে। নাটোর : সদর উপজেলার চাঁদপুরে গতকাল সকালে যাত্রীবাহী বাসের ধাক্কায় মমতাজ বেগম নামে এক নারী নিহত হন। তিনি শহরের নাটোর স্টেশন বাজারে আসার জন্য বাড়ি থেকে বের হন। নাটোর-রাজশাহী মহাসড়ক পার হওয়ার সময় রাজশাহীগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। গোপালগঞ্জ : গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের তেঁতুলিয়া গ্রামে গতকাল সকালে মোটরসাইকেলচাপায় মনোজ পোদ্দার (৪০) নামে এক কৃষক নিহত হন। তিনি ওই গ্রামের মনি মোহন পোদ্দারের ছেলে। নারায়ণগঞ্জ : আড়াইহাজার উপজেলার রামচন্দ্রদী বাজারে গত মঙ্গলবার সন্ধ্যায় ব্যাটারিচালিত অটোরিকশাচাপায় সাইদুল ইসলাম (৩) নামে এক শিশু নিহত হয়। সে রামচন্দ্রদী এলাকার আবদুুল করিম মিয়ার ছেলে।
সাঁথিয়া : পাবনার সাঁথিয়া উপজেলার কোরিয়াল নামক স্থানে গতকাল দুপুরে বাসচাপায় শহিদ (৪০) নামে এক ব্যক্তি নিহত ও তিনজন আহত হন। শহিদ উপজেলার আতকশোভা গ্রামের মৃত জাহের আলীর ছেলে। মাদারীপুর : ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার বাজিতপুরের আমগ্রামের শাফিয়া শরিফ এলাকায় গতকাল বেলা ১১টার দিকে ট্রাকচাপায় সজীব বেপারী (২৫) নামে এক পথচারী নিহত হন। সজীব রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের সুতারকান্দি গ্রামের আবদুল মান্নান বেপারীর ছেলে। গাজীপুর : কালীগঞ্জ উপজেলার দুর্বাটি-বক্তারপুর সড়কের পৈলানপুর বটতলায় গতকাল দুপুরে লরির ধাক্কায় মোটরসাইকেলের আরোহী শাহেদ মিয়া (১৪) নিহত হয়। শাহেদ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের কাউলিতা গ্রামের শাহীন মিয়ার ছেলে। সে জাঙ্গালিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র।




