৩ মামলা দায়ের নয়পল্টনে সংঘর্ষের ঘটনায়, গ্রেফতার ৩৪
নিউজ ডেস্ক।। নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের ওপর হামলা ও দুটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় পল্টন থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ৩৪ জন গ্রেফতার করা হয়েছে এবং আরো ৩০ জনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. আছাদাজ্জামান মিয়া। বুধবার রাতে ঢাকা মেট্রোপলিটান পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া একটি বেসরকারি টেলিভিশনের লাইভ প্রোগ্রামে এসব তথ্য জানিয়েছেন।
পুলিশ কর্মকর্তারা জানান, এ হামলা পূর্বপরিকল্পিত। সেটা না হলে কীভাবে নয়াপল্টনের সামনে বিএনপি সমর্থকদের হাতে শত শত লাঠি থাকবে? কেন শত শত নেতাকর্মী হেলমেট পরে সেখানে যাবে? পুলিশের উসকানিতে হামলা হয়েছে এমন কোনো আলামত ও ফুটেজ কেউ দেখাতে পারবে না বলে দাবি তাদের। তবে বিএনপি নেতারা বলছেন, পুলিশ বিনা উসকানিতে হামলা করেছে। নির্বাচনী পরিবেশকে অশান্ত করতেই এ ঘটনার সূত্রপাত বলে দাবি তাদের।
পুলিশের একাধিক কর্মকর্তা জানান, এরই মধ্যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও আশপাশ এলাকার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে তা পর্যালোচনা করা হচ্ছে। যারা হেলমেট পরে জ্বালাও-ভাঙচুরে নেতৃত্ব দিয়েছেন, তাদের শনাক্ত করছে পুলিশের একাধিক টিম।
এ ব্যাপারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্যায়ভাবে বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে পুলিশ নির্বাচনের পরিবেশ নষ্ট করছে। তিনি আরও বলেছেন, ‘ছাত্রলীগের হেলমেট বাহিনী এসে পুলিশের গাড়ি ভাঙচুর করেছে ও আগুন দিয়েছে।




