জাতীয় পার্টি ঢাকার যে ৬টি আসন চায়
নিউজ ডেস্ক।। আওয়ামী লীগ নেতৃত্বাধীন নির্বাচনী জোট (মহাজোট) থেকেই আসন্ন সংসদ নির্বাচনে অংশ নেবে বলে এরই মধ্যে ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি। তার পরও রাজধানীর ৬টি আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদসহ দলের ৫ নেতা। দলীয় সূত্রে জানা গেছে, এরই মধ্যে এরশাদসহ দলের গুরুত্বপূর্ণ পাঁচ নেতা ঢাকার বিভিন্ন আসনে নির্বাচন করার প্রত্যাশায় মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
পার্টির দপ্তর সূত্রে জানা গেছে, এবার ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করতে চান এরশাদ। এ ছাড়াও সাবেক এ রাষ্ট্রপতি রংপুরের আরও দুটি আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন। পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের ঢাকা-১৮ আসনের প্রার্থী হিসেবে নির্বাচন করতে চান। এ ছাড়াও তিনি লালমনিরহাট-৩ আসনের জন্য মনোনয়ন ফরম জমা দিয়েছেন। ঢাকা-১ আসনে নির্বাচন করতে চান সালমা ইসলাম, ঢাকা-৬ আসনে প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, ঢাকা-৪ আসনে আরেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এবং ঢাকা-৫ আসনে নির্বাচন করতে চান প্রেসিডিয়াম সদস্য আবদুস সবুর আসুদ।
দলটির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার সাংবাদিকদের বলেছেন, আমাদের প্রার্থীরা তাদের প্রত্যাশিত আসনে বিজয়ী হওয়ার বিষয়ে শতভাগ আশাবাদী। তিনি মনে করেন, অতীত কর্মকা-ের জন্যই জনগণ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়।
এদিকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন নির্বাচনী জোটে থেকে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানালেও সারাদেশে দলীয় মনোনয়ন ফরম বিক্রি অব্যাহত রেখেছে জাতীয় পার্টি। গতকালও পার্টির চেয়ারম্যানের বনানী অফিস থেকে ৪৩২টি দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এ নিয়ে চার দিনে সর্বমোট ২৪১৮টি মনোনয়ন ফরম বিক্রি করেছে দলটি।
এ বিষয়ে দলের নীতিনির্ধারণী পর্যায়ের দুই নেতা জানান, জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গেই মহাজোটে থেকে নির্বাচন করবে। সে জোট থেকে জাতীয় পার্টি কতগুলো আসন পাবে, এ নিয়ে এখনো আওয়ামী লীগের সঙ্গে চূড়ান্ত আলোচনা হয়নি। জাপার মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ সাক্ষাৎকারে জাপার মনোনয়নপ্রত্যাশীদের একটা বাছাই হবে। এর পর আওয়ামী লীগের সঙ্গে বোঝাপড়া শেষে চূড়ান্ত তালিকা করা হবে। তবে সে তালিকা ৩৫ জনের বেশি হওয়ার সম্ভাবনা দেখছেন না এ দুই নেতা। দৈনিক আমাদের সময়।




