এত মিথ্যার বেসাতি কেন করলেন, ফখরুলকে প্রশ্ন কাদেরের
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে মিথ্যার বেসাতি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।আজ বুধবার রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় ৩/এ’তে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
নয়াপল্টনে সংঘর্ষের ঘটনার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সামনে অভিযোগ করে বলেন, ‘অন্যায়ভাবে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করে সরকার নির্বাচনের পরিবেশ নষ্ট করছে।’ তার এই বক্তব্যের প্রতিবাদে ওবায়দুল কাদের বলেন, ‘এত মিথ্যার বেসাতি কেন করলেন? প্রকাশ্য দিবালোকে টেলিভিশনের ক্যামেরা ছিল। তারা দেখেছে কী ঘটেছে।’সেতুমন্ত্রী আরও বলেন, ‘মিথ্যাচারই তো আপনাদের রাজনীতি। আপনি আবারও মিথ্যাচার করলেন। পুলিশ কেন উসকানি দেবে। সেখানে ভিডিও ফুটেজ আছে। সম্পূর্ণ নীরব দর্শক ছিল পুলিশ। সাংবাদিকরা ছিল। আপনি আবারও মিথ্যাচার করলেন। বিএনপির সেই পুরোনো অভ্যাস, সেই ভাঙা রেকর্ড আজকেও আপনি বাজাতে গেলেন?’
এ সময় নিজেদের ধৈর্য্য ধরতে হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদেরকে ধৈর্য্য ধরতে হবে। আমরা শুধু দেখবো। ইলেকশন কমিশনের হাতে এখন সবকিছু। তাদের হাতে এখন আইন রক্ষাকারী সংস্থা। ল অ্যান্ড অর্ডারের সঙ্গে যারা সংশ্লিষ্ট তারা কিন্তু নির্বাচন কমিশনের অধীনে তাদের ন্যস্ত করেছে। যত ষড়যন্ত্রই হোক, চক্রান্ত হোক, নাশকতা হোক এই নির্বাচন জনগণের অনেক প্রত্যাশার নির্বাচন। এই নির্বাচনকে বানচাল করতে গেলে, নির্বাচনে নাশকতা, সহিংসতা যদি ঘটে বাংলাদেশের জনগণই তা রুখে দেবে।’ সূত্র: দৈনিক আমাদের সময়




