আম বাগানে রহস্যময় মাইক্রোবাস, মালিক খুঁজছে ডিবি
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কুমারপাড়া এলাকার একটি আম বাগান থেকে বুধবার সকালে সাদা রঙের একটি রহস্যময় নোহা মাইক্রোবাস উদ্ধার করেছে পুলিশ। আম বাগানে চালকবিহীন অবস্থায় পড়ে থাকা মাইক্রোবাসটি দেখে পুলিশকে খবর দিয়েছিলো স্থানীয়রা। আম বাগানে মাইক্রো পড়ে থাকতে দেখে ওই এলাকায় সকাল থেকেই বেশ চঞ্চল্যের সৃষ্টি হয়।এক জোড়া স্যান্ডেল ও একটি মোবাইলসহ মাইক্রোবাসটি কার তা অনুসন্ধানে মালিকের খোঁজে নেমেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ডিবির অফিসার ইনচার্জ (ওসি) বাবুল উদ্দীন সর্দার এসব তথ্য জানান।তিনি বলেন, ‘মঙ্গলবার রাত থেকে মাইক্রোবাসটি বাগানে পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাদের খবর দেয়। পরে ঢাকা মেট্রো-চ-১৪-১০৩২ নম্বরের মাইক্রোবাসটি সকাল সাড়ে ১০টার দিকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। মাইক্রোবাসে এক জোড়া স্যান্ডেল ও একটি মোবাইল ফোন পাওয়া গেছে।’‘গাড়ির নাম্বার ও মোবাইল ফোনের সূত্র ধরে কে, কেন এবং কি কারনে গাড়িটি ফেলে গেছে তা খুঁজে বের করার চেষ্টা করছি আমরা’ বলেন গেয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।




