229214

মিরাজ যা বললেন মাহমুদউল্লাহর সঙ্গে সেজদা দেওয়ার কারণ হিসেবে

নিউজ ডেস্ক।। জিম্বাবুয়ের বিপক্ষে চলতি ঢাকা টেস্টের চতুর্থ দিনে দুর্দান্ত ব্যাটিংয়ে দারুণ এক শতক হাঁকিয়েছেন টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ৮ বছর পর টেস্টে সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। এরপরেই হেলমেট খুলে তাতে চুমু খেয়ে প্রেসবক্স প্রান্তের দিকে দৌঁড়ে এসে সেজদা দিলেন তিনি। অন্যদিকে অপরপ্রান্তে ২৭ রানে অপরাজিত থাকা মেহেদী হাসান মিরাজও মাহমুদউল্লাহর সঙ্গে সেজদা দিলেন। কিন্তু কি কারণে মিরাজ এমন উদযাপন করলেন এ নিয়ে অনেকের প্রশ্ন থাকাটাই স্বাভাবিক। তবে এর ব্যাখ্যা ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দিয়েছেন মিরাজ।

তিনি বলেন, ‘একটা জিনিস দেখেন অনেক দিন ধরে আমাদের ব্যাটসম্যানরা রান পাচ্ছিল না। কিন্তু এই ম্যাচটায় আমাদের অনেক প্রাপ্তি ছিল। দেখেন যে মুশফিক ভাই (মুশফিকুর রহিম) ডাবল সেঞ্চুরি করেছে। তারপরে মুমিনুল ভাই (মুমিনুল হক) দেড়শ করেছে, রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ রিয়াদ) সেঞ্চুরি করেছে, মিঠুন ভাই (মোহাম্মদ মিঠুন) ৫০ করেছে, আমিও একটা ৫০ করেছি।’

তিনি আরো বলেন, ‘আমার খুব ভাল লাগছে যে, আমাদের ব্যাটসম্যানরা রানে ফিরেছে এবং ওদের ওপর ডমিনেট করছি। এটা কিন্তু দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ যে ব্যাটসম্যানরা যদি রান করে, ডমিনেট করে তাহলে দল অনেক ভাল খেলে। তো এই খুশিতে সেজদাটা দেয়া। আসলে খুব ভাল লেগেছিল। নিজের অনুভূতিটা ধরে রাখতে পারিনি। তাই রিয়াদ ভাই’র সাথে আমিও সেজদা দিয়েছি।’

ad

পাঠকের মতামত