228796

কাকে বিয়ে করছেন আবু হায়দার রনি?

স্পোর্টস ডেস্ক : আবু হায়দার রনি এই দেশের ক্রিকেট অঙ্গনের তরুণ ক্রিকেটার। বাংলাদেশের প্রথম সারির ক্রিকেটারদের একজন তিনি। দেশসেরা পেসারদের তালিকা করা হলে থাকবেন উপরের দিকে। জাতীয় দলের হয়েও খেলার অভিজ্ঞতা হয়েছে। বিয়ে করার জন্য তো এটাই সঠিক সময়! আর সেজন্যই হয়ত আর দেরি না করে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ক্রিকেটার আবু হায়দার রনি। এতে তার নারী ভক্তদের হৃদয় ভাঙলেও ঘটতে যাচ্ছে একটি প্রেমের সফল পরিণতি। প্রিয়তমার সঙ্গে ছয় বছর প্রেমের সম্পর্কের পর অবশেষে বাঁধতে যাচ্ছেন গাঁটছড়া।

আগামী ২৫ নভেম্বর বিবাহিত জীবনে যার সাথে রনি পদার্পণ করবেন, তিনি হলেন সাদিয়া প্রমা। প্রমা পড়ালেখা করছেন বিজেএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির ফ্যাশন ডিজাইনিং বিভাগে। দুই পরিবারের সম্মতিতেই হচ্ছে বিয়ের পুরো আয়োজন। রবিবার (১১ নভেম্বর) জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় দুজনের গায়ে হলুদ। ১৫ তারিখ আকদ অনুষ্ঠানের পর সামাজিক বাকি আনুষ্ঠানিকতা সারা হবে ১৬ নভেম্বর, রাজধানীর শ্যামলীতে। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ ও জাতীয় ক্রিকেট লীগের ব্যস্ততা শেষের সময়টুকু বিয়ের ব্যস্ততা দিয়েই কাটছে রনির। এরপর উইন্ডিজ সিরিজের দলে ডাক পেলে আবারও নেমে পড়তে হবে ২২ গজে।

গায়ে হলুদ উপলক্ষ্যে প্রথমবারের মত রনি-প্রমার ছবি ভক্তদের সামনে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতে সবাই তাদের বাকি জীবনের জন্য জানাচ্ছেন শুভকামনা। ২২ বছর বয়সী তরুণ এই বাঁহাতি পেসার বাংলাদেশ জাতীয় দলের হয়ে ২টি ওয়ানডে ও ১০টি টি-২০ ম্যাচ খেলেছেন। চলতি বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপ ক্রিকেটে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে একদিনের ক্রিকেটে অভিষেক হয় তার। এরও আগে ২০১৬ সালের জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হয় টি-২০ ফরম্যাটে। আন্তর্জাতিক অঙ্গনে সর্বশেষ স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি

ad

পাঠকের মতামত