দ্বিতীয় বিয়ে বাধ্যতামূলক যে গ্রামে
বহুবিবাহ প্রথা অনেক আগেই কমে গেছে। কিন্তু বিশ্বে এখনো কিছু অঞ্চল আছে যেগুলোতে একাধিক বিয়ে করা একরকম বাধ্যতামূলক। তেমনই একটি অঞ্চল ভারত-পাকিস্তানের সীমান্তের কাছে ঘেঁষা রাজস্থানের ছোট গ্রাম দেরাসর। এই গ্রামে প্রত্যেক পুরুষকে দুইটি করে বিয়া করা বাধ্যতামূলক।দ্বিতীয় বিয়ে নিয়ে কোনও সামাজিক বা আইনগত সমস্যা হয় না এই গ্রামে। রাজস্থানের এই প্রত্যন্ত গ্রামের রীতি মেনে পুরুষরা দু’বার বিয়ে করে কেন জানেন? দেখে নেওয়া যাক কারণগুলি।
গ্রামে প্রায় ৬০০ মানুষের বাস। গ্রামটি মূলত মুসলিম অধ্যুষিত। রয়েছে কম বেশি ৭০টি পরিবার। গ্রামবাসীদের দাবি, প্রত্যেক পরিবারই নাকি পরম্পরাগত ভাবে বিয়ে নিয়ে এই রীতি মেনে আসছে। এক প্রকার জোর করেই ছেলেদের দ্বিতীয়বার বিয়ে দিতে বাধ্য করে তাদের পরিবার।গ্রামবাসীদের দাবি, আগে গ্রামে যতজন পুরুষ বিয়ে করতেন, তাদের কারোরই প্রথম পক্ষের স্ত্রীর সন্তান হত না। তাই দ্বিতীয়বার বিয়ে করতে হত। সেই দ্বিতীয় পক্ষের স্ত্রীর গর্ভে নাকি সন্তান আসত। বহুকাল ধরে এমন ঘটনাই ঘটছে। তার পর সেটাকেই রীতি হিসেবে মেনে নেন গ্রামবাসীরা।
এখনও নাকি এমন ঘটনাই ঘটে চলেছে গ্রামটিতে। যদিও এই ঘটনার কোনও ব্যাখ্যা দিতে পারেননি কেউই। গ্রামবাসীদের কথায়, প্রথমবার বিয়ের পর অনেকেই দীর্ঘকাল সন্তানের জন্য অপেক্ষা করেছেন, এ রকম উদাহরণ প্রচুর রয়েছে।দ্বিতীয় বার বিয়ে করাটাকে তাই এই গ্রামে শুভ বলেই মনে করা হয়। সূত্র: আনন্দবাজার




