প্রতি আসনে আ.লীগের মনোনয়নপ্রত্যাশী ১৩ জন
আওয়ামী লীগের দলীয় মনোনয়নের আবেদন ফরম বিক্রি ও জমা শেষ হয়েছে। গত শুক্রবার থেকে শুরু হওয়া ক্ষমতাসীনদের এই মনোনয়ন বিক্রির শেষ দিন ছিল আজ সোমবার। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন সংগ্রহ করে জমা দেন একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা।গত চার দিনে দেশের ৩০০ সংসদীয় আসনে চার হাজার ২৩জন প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন। অর্থাৎ প্রতিটি আসনে গড়ে ১৩ জন প্রার্থী নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে আগ্রহী। ৩০ হাজার টাকা মূল্যের এই ফরম বিক্রির মধ্য দিয়ে আওয়ামী লীগের দলীয় ফান্ডে জমা হয়েছে ১২ কোটি ৬ লক্ষ ৯০ হাজার টাকা।
আগামী বুধবার মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেবেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।একাদশ জাতীয় সংসদের নির্বাচনী তফসিল ঘোষণার পরদিন থেকেই দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ। সারাদেশ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ফরম সংগ্রহ করতে আসেন দলটির সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে। আওয়ামী লীগের আটটি সাংগঠনিক বিভাগের জন্য আটটি বুথ নির্মাণ করা হয়। এসব বুথের দায়িত্বে ছিলেন দলের সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা। সার্বক্ষণিক বুথে বসে ফরম বিক্রি ও জমা নেন ছাত্রলীগের সাবেক শীর্ষ নেতারা।
খুলনা বিভাগের টিমের অন্যতম দায়িত্বে ছিলেন ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জয়দেব নন্দী। তিনি আমাদের সময়কে বলেন, ‘গত চারদিনে পার্টি অফিসে আমরা যে জনস্রোত দেখেছি তাতে মনে হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মী কিংবা মনোনয়নপ্রত্যাশীরাই শুধু নয় সাধারণ মানুষও এখন উন্নয়নের অগ্রযাত্রায় শামিল হতে শেখ হাসিনার নৌকাকে মনে-প্রাণে ধারণ করতে শুরু করেছেন। উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফরম বিক্রি ও জমার পর্বের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে, আমরা আশা করি এই পরিবেশ ৩০ ডিসেম্বর ভোটের দিন পর্যন্ত অব্যাহত থাকবে।’
দলের প্রথম মনোনয়ন ফরমটি কেনা হয় আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে। এরপর একে একে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য থেকে শুরু করে দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ হাজার হাজার মনোনয়নপ্রত্যাশী প্রতিদিন ফরম সংগ্রহ করেন। মনোনয়নপ্রত্যাশী ও তাদের কর্মী সমর্থকদের ভীড়ে রীতিমতো জটলার সৃষ্টি হয় ধানমন্ডি ৩/এ ও এর আশপাশের সড়কে। মনোনয়ন ফরম জমা দেওয়ার তাড়াও ছিল। ঢাকার বাইরে থেকে যারা এসেছেন তাদের বেশিরভাগই দিনের দিনই ফরম কিনে জমা দিয়েছেন। ব্যাতিক্রমটিও দেখা গেছে। যেমন, আজ সোমবার বিকেলে আওয়ামী লীগের চার যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান ও ডা. দীপু মণি একইসঙ্গে মনোনয়ন ফরম জমা দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাতে।
এদিকে আজ নির্ধারিত সময় শেষে দলের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘সর্বশেষ সময় পর্যন্ত আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়েছে চার হাজার ২৩টি। আর জমা পড়েছে প্রায় ৪ হাজারের মতো।’হানিফ আরও বলেন, ‘যারা এখনো মনোনয়ন ফরম জমা দিতে পারেন নি তারা আগামীকাল মঙ্গলবার পর্যন্ত জমা দিতে পারবেন। তবে আর ফরম বিক্রি করা হবে না।’সংবাদ সম্মেলনের দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মণি, খালিদ মাহমুদ চৌধুরী, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।




