228377

২শ’ গাড়িবহর নিয়ে পিতা-পুত্রের মনোনয়নপত্র সংগ্রহ

একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে ঢাকা-৭ (লালবাগ-চকবাজার) আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মদিনা গ্রুপের চেয়ারম্যান ও বর্তমান সংসদ সদস্য (স্বতন্ত্র) হাজি সেলিম। এসময় তার ছেলে মদিনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সোলাইমান সেলিমও মনোনয়নপত্র সংগ্রহ করেন। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে ধানমন্ডি আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

জানা যায়, প্রায় ২শ’ গাড়ির একটি বহর নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে আসেন হাজি সেলিম। এ সময় তার সঙ্গে ছিলেন ছেলে সোলাইমান সেলিমও। দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে বাবা-ছেলে আশাবাদী।সোলাইমান সেলিম বলেন, দলের দুঃসময়ে ছিলাম, সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে এখনও আছি। এলাকার সাধারণ জনগণের আশা-আকাঙ্ক্ষার কথা ভেবে আমার বাবা (হাজি সেলিম) এবারও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান। নেত্রী চাইলে আমিও ঢাকা-৭ আসনে জনগণের জন্য কিছু করতে চেই।

তিনি আরো বলেন, মনোনয়ন পেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী তরুণ সমাজের প্রতিনিধি হিসেবে দেশের চলমান উন্নয়নে অবদান রাখতে চাই। একইসঙ্গে নৌকার বিজয় নিশ্চিত করে লালবাগ, চকবাজার এলাকাকে একটি মাদকমুক্ত, আধুনিক শহর হিসেবে গড়ার ইচ্ছে আছে।

ad

পাঠকের মতামত