তোপের মুখে কাদের সিদ্দিকী
‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর জিয়াউর রহমানের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব করে যারা দেশকে লুটেপুটে খাচ্ছে, আল্লাহ যদি আমাকে সময় দেয়- তাহলে শেখ মুজিব আর জিয়াউর রহমানের দ্বন্দ্ব আমি ঘুচিয়ে দেব ইনশাল্লাহ।’ শুক্রবার রাজশাহীদে ঐক্যফ্রন্টের জনসভায় এমনই বক্তব্য দিয়েছিলেন কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীকে।
জনসভা শেষ করে তিনি কুমারপাড়া নগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন। ওই সময় আওয়ামী লীগ নেতা-কর্মীরা ‘মীরজাফর মীরজাফর, বেঈমান বেঈমান’ বলে স্লোগান দিতে থাকেন। এ সময় সময় গাড়ি থেকে বের হয়ে আসেন কাদের সিদ্দিকী। তিনি গাড়ি থেকে নেমেই আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে বলেন, তোমাদের মাথায় ঘিলু নাই। জবাবে আওয়ামী লীগ নেতাকর্মীরা বলেন, ‘আপনি বেঈমান-মীরজাফর। আপনাকে আমরা ঘৃণা করি। বঙ্গবন্ধুর সঙ্গে জিয়াউর রহমানের তুলনা করে আপনি অপরাধ করেছেন। ক্ষমা চাইতে হবে।’
এ সময় নেতাকর্মীরা কাদের সিদ্দিকীর গাড়িতে লাথি মারেন। পরে পুলিশ এসে তাকে গাড়িতে তুলে দেয়।নগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লেমন বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় আমরা তাকে মীরজাফর ও বেঈমান বলেছি। শারীরিকভাবে তাকে লাঞ্ছিত করা হয়নি। বাকবিতণ্ডার এক পর্যায়ে পুলিশ এসে তাকে গাড়িতে তুলে দেয়।এ বিষয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধুকে জিয়াউর রহমানের সঙ্গে এক করিনি। বঙ্গবন্ধু দেশের নেতা, জাতির পিতা। আমরা তার সন্তান। দুই রহমানকে শিখণ্ডী করে যারা ফায়দা লুটে, আমি তাদের দূরত্বটা কমিয়ে দিতে চাই।সূত্র: বাংলাদেশ জার্নাল




