227060

ইসিতে এরশাদের যে ৮ দাবি

তফসিল না পেছানোর জন্য নির্বাচন কমিশনের প্রতি দাবি জানিয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোট।একইসঙ্গে ইভিএম ব্যবহার না করা এবং সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েনসহ আট দফা দাবির কথা জানিয়েছে তারা।বুধবার কমিশনের সঙ্গে দেড় ঘণ্টার বৈঠক শেষে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এসব কথা সাংবাদিকদের জানান।

তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে- মনোনয়ন ফরম সহজীকরণ, নির্বাচনে কালো টাকার প্রভাব ও অস্ত্রের ব্যবহার বন্ধকরণ, সহিংসতা ও সংঘাত এড়ানো, গাড়ি-মোটরসাইকেলের মহড়া সীমিতকরণ ও নির্বাচন কমিশন থেকে প্রার্থীদের একক ও অভিন্ন পোস্টার ছাপানোর ব্যবস্থা করা।সাংবাদিকদের রুহুল আমিন হাওলাদার বলেন, ‘নির্বাচন কমিশন ৮ নভেম্বর (বৃহস্পতিবার) তফসিল ঘোষণার সময় নির্ধারণ করেছে। এদিকে রাজনৈতিক সংলাপও সম্ভবত শেষ হচ্ছে আজ। আর কোনও সংলাপের অজুহাতে নির্বাচনের তারিখ পেছানোর কোনও যৌক্তিকতা আছে বলে আমরা মনে করি না।’

ইভিএম ব্যবহার প্রসঙ্গে হাওলাদার বলেন, ‘ভোটাররা এখনও ইভিএম ব্যবহারে অভ্যস্ত নয়। ভোটারদের বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য আরও পরীক্ষানিরীক্ষা ও সময়ের প্রয়োজন। আমরা কমিশনকে বলেছি— আপনারা স্বাধীন ও সংবিধানসম্মতভাবে নির্বাচন করুন।’নির্বাচন কমিশন তাদের (জাপার) বেশকিছু দাবির সঙ্গে সম্মত হয়েছে বলে রুহুল আমিন হাওলাদার দাবি করেন।

এর আগে বুধবার সকালে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে সম্মিলিত জাতীয় জোটের নেতারা নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন।আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সকাল সোয়া ১১টায় এ বৈঠক শুরু হয়ে প্রায় দেড় ঘণ্টা পর শেষ হয়।

ad

পাঠকের মতামত