225470

দেশি ছবি নিয়ে ব্যস্ত শাকিব খান

গত শুক্রবার দেশের একশ’রও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ছবি ‘নাকাব’। এটি মূলত কলকাতার ছবি। সাফটা চুক্তির আওতায় ছবিটি বাংলাদেশে মুক্তি পেয়েছে।

এ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার শ্রাবন্তী ও সায়ন্তিকা। ছবিতে শাকিব খান দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে একটি ভৌতিক চরিত্র। মুক্তির পর বাংলাদেশে ছবিটি এখন পর্যন্ত সফলভাবে চলছে বলে জানা গেছে।

গত দুই বছর কলকাতার ছবিতেই বেশি ব্যস্ত ছিলেন শাকিব খান। এবার দেশি ছবির প্রতিই মনোযোগ দিয়েছেন তিনি। এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন দেশি ছবি নিয়েই। শুটিং করছেন শাহীন সুমন পরিচালিত নাম ঠিক না হওয়া একটি ছবির।

এ ছবিটির টানা শুটিং করবেন তিনি। পাশাপাশি মো. ইকবাল ও নিজের প্রযোজনায় ‘বীর’ নামে আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। কাজী হায়াতের পরিচালনায় এ ছবিটির শুটিংও শুরু হবে শিগগিরই। এছাড়াও তার নিজস্ব প্রযোজনা সংস্থা থেকে ‘প্রিয়তমা’ নামে আরও একটি ছবি তৈরির পরিকল্পনা রয়েছে। আগামী বছরের শুরু থেকেই এ ছবির শুটিং শুরু করবেন। এটি পরিচালনা করবেন হিমেল আশরাফ।

সব ছবিতেই তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা বুবলী। দেশি ছবিতে সময় দেয়া প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘আমি তো সবসময়ই দেশি ছবিতে অভিনয় করতে চাই। কিন্তু এখানকার যে বাস্তবতা সেটি খুব সমস্যা করে।

তাছাড়া বাজেটও একটা বড় সমস্যা। দর্শকরা আমাকে কলকাতা কিংবা যৌথ প্রযোজনার ছবিগুলোতে বেশি বাজেটে এবং আধুনিক নির্মাণশৈলীর কারুকার্যে দেখেছেন। সেটার ধারাবাহিকতা যদি বজায় না রাখতে পারি তাহলে সমালোচিত হব।

আমি বলছি না যে, দেশীয় ছবির মান কম। কিন্তু বাজেট একটি বড় বিষয়। নির্মাণেও আমাদেরকে আরও অনেক পরিশ্রম করতে হবে।

সবচেয়ে বড় কথা হচ্ছে, ‘চলচ্চিত্রে যে পলিটিক্স চলে সেটাকে দূর করে কীভাবে ভালো ছবি বানানো যায়, ছবির মান এবং সংখ্যা বাড়ানো যায় সেদিকে সবাইকে মনোযোগ দিতে হবে।’ এদিকে দেশীয় ছবিগুলোর শুটিংয়ের ফাঁকেইকলকাতার প্রযোজনায় নির্মিতব্য ছবিগুলোতে কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন এ চিত্রনায়ক।

ad

পাঠকের মতামত