225268

ইমামকে ফিরিয়ে জয়ের মুখ দেখছে বাংলাদেশ

সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান ৪১.২ ওভারে ১৭০/৭ (বাংলাদেশ ৪৮.৫ ওভারে ২৩৯)

বিপজ্জনক ইমামকে ফেরালেন মাহমুদউল্লাহ

ক্রিজে দুই বাঁহাতি ব্যাটসম্যানকে দেখে মাহমুদউল্লাহকে আক্রমণে ফেরালেন মাশরাফি বিন মুর্তজা। পাকিস্তানকে টেনে নেওয়া ইমাম-উল-হককে ফিরিয়ে ম্যাচ বাংলাদেশের দিকে ঘুরিয়ে দিলেন মাহমুদউল্লাহ।

বেরিয়ে এসে অফ স্পিনারের ওপর চড়াও হতে চেয়েছিলেন ইমাম। বলে-ব্যাটে করতে পারেননি। সময় মতো ফিরতে পারেননি, বেলস ফেলে দেন লিটন দাস। টানা দুই ওভারে করলেন দুই স্টাম্পড।

১০৫ বলে ৮৩ রান করে ফিরেন ইমাম। ৪১ ওভারে পাকিস্তানের স্কোর ১৬৯/৭। ক্রিজে মোহাম্মদ নওয়াজের সঙ্গী হাসান আলি। তাদের সামনে ৯ ওভারে ৭২ রান করার কঠিন চ্যালেঞ্জ।

আসিফকে ফিরিয়ে বিপজ্জনক জুটি ভাঙলেন মিরাজ

পাকিস্তানের প্রতিরোধ ভাঙলেন মেহেদী হাসান মিরাজ। ফিরিয়ে দিলেন আসিফ আলিকে।

অফ স্পিনারের বলে ব্যাটে খেলতে না পেরে একটু এগিয়ে গিয়েছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান। সুযোগ কাজে লাগিয়ে বেলস ফেলে দেন লিটন। স্টাম্পড হয়ে ফিরে যান আসিফ। তার বিদায়ে ভাঙে ৭১ রানের জুটি।

৪৭ বলে ৩১ রান করেন আসিফ। ৪০ ওভার শেষে পাকিস্তানের স্কোর ১৬৫/৬। ক্রিজে ওপেনার ইমাম-উল-হকের সঙ্গী মোহাম্মদ নওয়াজ। জয়ের জন্য শেষ ১০ ওভারে ৭৫ রান চাই পাকিস্তানের।

ইমাম-আসিফের জুটিতে পঞ্চাশ

ইমাম-উল-হক ও আসিফ আলির ব্যাটে এগোচ্ছে পাকিস্তান। ষষ্ঠ উইকেটে দুই জনে ৬২ বলে গড়েছেন পঞ্চাশ রানের জুটি।

দুই জনের দায়িত্বশীল ব্যাটিংয়ে আশা বাঁচিয়ে রেখেছে সরফরাজ আহমেদের দল। ৩৬ ওভার শেষে পাকিস্তানের স্কোর ১৪৬। ইমাম ৬৯ ও আসিফ ২৬ রানে ব্যাট করছেন। শেষ ১৪ ওভারে জয়ের জন্য আরও ৯৪ রান চাই তাদের।

আসিফকে জীবন দিলেন লিটন

দ্রুত রান তোলা আসিফ আলিকে ফিরিয়ে দেওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করলেন লিটন দাস। মুস্তাফিজুর রহমানের বলে সহজ ক্যাচ ছেড়েছেন এই উইকেট কিপার।

অফ স্টাম্পে পড়ে বাইরে যাওয়া বল আসিফের ব্যাটের কানায় লেগে যায় লিটনের কাছে। মুশফিকুর রহিমের জায়গায় উইকেটের পিছনে দাঁড়ানো লিটন এক হাতে ক্যাচ ধরতে গিয়ে পারেননি। বেঁচে যান আসিফ। সে সময় ২২ রানে ব্যাট করছিলেন তিনি।

৩৪ ওভার শেষে পাকিস্তানের স্কোর ১৩০/৫। ইমাম-উল-হক ৫৬ ও আসিফ ২৩ রানে ব্যাট করছেন।

ইমামের ফিফটি

৭৪ বলে দুই চারে নিজের রান পঞ্চাশে নিয়ে যান ইমাম।

৩২ ওভার শেষে পাকিস্তানের স্কোর ১২০/৫। ইমাম ৫৩ ও আসিফ আলি ১৬ রানে ব্যাট করছেন। শেষ ১৮ ওভারে জয়ের জন্য আরও ১২০ রান চাই তাদের।

মন্থর ব্যাটিংয়ে পাকিস্তানের একশ

দুই অনিয়মিত বোলার মাহমুদউল্লাহ ও সৌম্য সরকারের আঁটসাঁট বোলিংয়ে মন্থর হয়ে গেছে পাকিস্তানের রানের চাকা। ২৭.৩ ওভারে নিজেদের রান তিন অঙ্কে নিয়ে গেছে দলটি।

সৌম্যর বলে পুল করে আসিফ আলির বাউন্ডারিতে একশ রানে পৌঁছায় পাকিস্তান।

২৮ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ১০৩/৫। ইমাম-উল-হক ৪৫ ও আসিফ ৭ রানে ব্যাট করছেন।

শাদাবকে ফেরালেন সৌম্য

মন্থর ব্যাটিং করা শাদাব খান টিকলেন না বেশিক্ষণ। তাকে ফিরিয়ে ওয়ানডেতে নিজের প্রথম উইকেট নিয়েছেন অনিয়মিত মিডিয়াম পেসার সৌম্য সরকার।

সৌম্যর শর্ট বল পুল করতে চেয়েছিলেন শাদাব। ঠিক মতো খেলতে পারেননি। ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে লিটন দাসের গ্লাভসে।

২৪ বলে ৪ রান করে করে ফিরে যান শাদাব। ২৫.১ ওভারে পাকিস্তানের স্কোর ৯৪/৫। ক্রিজে ইমাম-উল-হকের সঙ্গী বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য পরিচিত আসিফ আলি।

মাশরাফির দুর্দান্ত ক্যাচে ভাঙল জুটি

মাশরাফি বিন মুর্তজার অসাধারণ এক ক্যাচে ভাঙল পাকিস্তানের প্রতিরোধ। ৬৭ রানের জুটি গড়ে ফিরে গেছেন শোয়েব মালিক।

বোলারদের সহজেই খেলছিলেন মালিক ও ইমাম-উল-হক। এক-দুই করে নিয়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন দুই জনে। রুবেলে হোসেনের বল মিডউইকেটে চিপ করতে চেয়েছিলেন মালিক। ঝাঁপিয়ে দুর্দান্ত এক ক্যাচে তাকে থামান বাংলাদেশ অধিনায়ক।

৫১ বলে ৩০ রান করে ফিরেন মালিক। ২১ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৮৭/৪। ক্রিজে ওপেনার ইমামের সঙ্গী অলরাউন্ডার শাদাব খান।

ইমাম-মালিক জুটিতে পঞ্চাশ

দ্রুত ৩ উইকেট হারানো পাকিস্তানকে টানছেন ইমাম-উল-হক ও শোয়েব মালিক। দায়িত্বশীল ব্যাটিংয়ে দুই জনে চতুর্থ উইকেটে গড়েছেন পঞ্চাশ রানের জুটি।

৮১ বলে আসে ইমাম-মালিক জুটির পঞ্চাশ।

১৮ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৭৬/৩। ইমাম ৩৪ ও মালিক ২৬ রানে ব্যাট করছেন। জয়ের জন্য শেষ ৩২ ওভারে ১৬৪ রান চাই পাকিস্তানের।

পাওয়ার প্লেতে পাকিস্তানের ৩ উইকেট

রান তাড়ায় শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। প্রথম পাওয়ার প্লেতে হারিয়েছে ফখর জামান, বাবর আজম ও সরফরাজ আহমেদকে।

১০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ৩৭ রান। ইমাম-উল-হক ৮ ও শোয়েব মালিক ১৪ রানে ব্যাট করছেন।

পাওয়ার প্লেতে দুটি উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান সিরাজ একটি। আঁটসাঁট বোলিং করেছেন মাশরাফি বিন মুর্তজা।

বাবরকে দ্রুত ফেরালেন মুস্তাফিজ

টিকলেন না পাকিস্তানের অন্যতম ব্যাটিং ভরসা বাবর আজম। তাকে দ্রুত ফিরিয়ে দিলেন মুস্তাফিজুর রহমান।

লেগ স্টাম্পের বল পা বাড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন বাবর। ব্যাট ফাঁকি দিয়ে লাগে প্যাডে। ফিরে যান এলবিডব্লিউ হয়ে। ৮ বলের মধ্যে দুই উইকেট হারিয়ে চাপে পাকিস্তান।

৩ বলে ১ রান করেন বাবর। ২ ওভার শেষে পাকিস্তানের স্কোর ১১/২। ক্রিজে ইমাম-উল-হকের সঙ্গী অধিনায়ক সরফরাজ আহমেদ।

প্রথম ওভারেই উইকেট মিরাজের

প্রথম ওভারেই ভাঙল পাকিস্তানের শুরুর জুটি। মেহেদী হাসানের বলে দারুণ ক্যাচ ধরে রুবেল হোসেন ফিরিয়ে দিলেন ফখর জামানকে।

বেরিয়ে এসে অফ স্পিনারকে উড়াতে চেয়েছিলেন এই বাঁহাতি ওপেনার। মিড অনে মাথার ওপর দিয়ে বেরিয়ে যাওয়া বল লাফিয়ে দুই হাতে মুঠোয় জমান রুবেল।

৪ বলে ১ রান করে ফিরে যান এই ব্যাটসম্যান। ক্রিজে ইমাম-উল-হকের সঙ্গী বাবর আজম।

ad

পাঠকের মতামত