224383

জয়া আমাদেরও ঘরের মেয়ে: শিবপ্রসাদ

বিনোদন ডেস্ক
বাংলাদেশের গুণী অভিনেত্রী জয়া আহসান। এদেশের শোবিজে তিনি দারুণ জনপ্রিয়। তবে তার জনপ্রিয়তা কেবল এই বাংলায়ই সীমাবদ্ধ নয়। পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গেও জয়া আহসান ব্যাপক জনপ্রিয়। অভিনয় করেছেন সেখানকার প্রভাবশালী নির্মাতা ও প্রযোজকদের সঙ্গে। বলাই বাহুল্য, জয়া আহসান এখন টালিউডের প্রথম সারির অভিনেত্রী।

জয়া আহসানের সঙ্গে টালিগঞ্জের নির্মাতা-প্রযোজকদের সুসম্পর্ক রয়েছে। আর তাই জয়ার প্রথম প্রযোজিত ছবি ‘দেবী’র জন্য অনেকেই শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। এবার জয়ার ‘দেবী’ নিয়ে ভিডিওবার্তা দিয়েছেন কলকাতার সফল ও গুণী নির্মাতা শিবপ্রসাদ মুখার্জি।

তিনি বলেন, জয়া আপনাদের যেমন ঘরের মেয়ে, তেমনি আমাদেরও ঘরের মেয়ে। আমরা মনে করি জয়া আমাদের খুব কাছের মানুষ এবং এই মুহূর্তে পশ্চিম বঙ্গের খুব জনপ্রিয় একজন অভিনেত্রী সে। সে যে দাপটের সঙ্গে অভিনয় করছেন, তার প্রত্যেকটা কাজ আমাদের কাছে গুরুত্বপূর্ণ।

শিবপ্রসাদ মুখার্জি আরো বলেন, জয়ার প্রথম প্রযাজনার ছবি ‘দেবী’। তার ও তার ছবির জন্য আমাদের তরফ থেকে, পশ্চিম বাংলার তরফ থেকে শুভেচ্ছা জানাই। আর ভবিষ্যতে আশা করবো, নিয়মিত বাংলা ছবি প্রযোজনা করবেন জয়া। অভিনেত্রী হেসেবে যেমন প্রতিষ্ঠা অর্জন করেছেন, প্রযোজনাতেও তিনি প্রতিষ্ঠিত হবেন বলেই আমার বিশ্বাস।

‘দেবী’ পরিচালনা করেছেন অনম বিশ্বাস। এটি নির্মিত হয়েছে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে। ছবিটিতে অভিনয় করেছেন জয়া আহসান, চঞ্চল চৌধুরী, অনিমেষ আইচ, ইরেশ যাকের ও শবনম ফারিয়া প্রমুখ। আগামী অক্টোবরে ছবিটি মুক্তি পেতে পারে।

ad

পাঠকের মতামত