নিজের বড় দুর্বলতা খুঁজে পেয়েছেন মেসি!
স্পোর্টস ডেস্ক: ক্লাব ফুটবলে সাফল্য পায়ের কাছে এসে লুটোপুটি খায় লিওনেল মেসির। কিন্তু ক্লাবের জার্সি খুলে যখনই নিজ দেশের আকাশী নীল জার্সি গায়ে জড়ান তখনই যেন নিস্তেজ হয়ে যান ফুটবলের এই জাদুকর।
সম্প্রতি ফিফার ২০১৮ সালের বর্ষসেরা ফুটবলারের তালিকা প্রকাশ হয়েছে। তিনজনের সংক্ষিপ্ত তালিকায় নেই মেসির নাম। বিশ্বকাপে বর্ণহীন থাকায় এ তালিকায় নাম আসেনি তার, এটা বুঝাই যায়।
নতুন মৌসুমেও মেসি রয়েছেন ফর্মের তুঙ্গে। চার ম্যাচে তার পা থেকে আসে দুই গোল। বার্সার হয়ে ভুরি ভুরি গোল করা এই খেলোয়াড় খুঁজে পেয়েছেন নিজের দুর্বলতা। কাতালুনিয়া রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তার বড় দুর্বলতা স্পট কিক নেওয়া।
খেলার কোন দিকটায় উন্নতি প্রয়োজন বলে আপনি অনুভব করেন-এমন প্রশ্নে লিওনেল মেসি বলেন, ‘পেনাল্টি, আমি আরও কার্যকর করতে চাই এটাকে। এটা অনেক কঠিন, অনুশীলনে পেনাল্টির প্র্যাকটিস আর খেলায় পেনাল্টি নেওয়ার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। খেলার মধ্যে অনেক বিষয় কাজ করে।’
রাশিয়া বিশ্বকাপে আইসল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিস করে সমালোচনার মুখোমুখি হয়েছিলেন মেসি। সমালোচনার কড়া জবাব দিতে পারতেন দারুণ পারফরম্যান্স করে। নাইজেরিয়ার বিপক্ষে এক গোল করলেও বিশ্বকাপে ফ্লপ ছিলেন ফুটবলের এই মহাতারকা।




