নতুন গান নিয়ে আসছে ‘মধু হই হই’ খ্যাত সেই জাহিদ
‘মধু হই হই বিষ খাওয়াইলা’ শিরোনামের গানটি আপন ঢংয়ে গেয়ে ২০১৬ সালের শুরুর দিকে শ্রোতাদের মন জয় করে নিয়েছিল জাহিদ নামের একটি বালক। পরে তার গান দিয়ে নির্মিত হয় একটি মুঠোফোন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনও। এবার এই জাহিদ নিয়ে আসছে নিজের প্রথম মৌলিক গান। গানের শিরোনাম ‘পান’।
লোক ঘরনার এই গানটির লিখেছেন এবং সুর করেছেন প্রিন্স রুবেল। গানটির সঙ্গীতায়োজন করেছেন চিরকুট ব্যান্ডের ইমন। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। শাহরিয়ার পলক নির্মান করেছেন গানটির ভিডিও। ভিডিওতে থাকছে জাহিদের সরব উপস্থিতি।
জাহিদ বলেন, ‘ইন্টারনেটে ভিডো (ভিডিও) দেখার পরে সবাই এখন আমার গান শুনতে চায়। আমার সঙ্গে ছবি তোলে, কথা বলে, আমার মাথায় হাত বুলায় দেয়। সবাই আমারে অনেক আদর করে। আমি মডেলিংও করছি। টিভিতেও আমাকে দেখা যায়। আমার ভালো লাগে।’
গানটি প্রসঙ্গে জাহিদ বলেন, ‘পান’ অসম্ভব সুন্দর একটি গান। অনেক মজা করে গানটি গেয়েছি। ভিডিওতে অভিনয় করেছি। আমার মতো শ্রোতা-দর্শকরাও গানটি শুনে এবং ভিডিও দেখে মজা পাবে। সবার ভালো লাগবে আমার বিশ্বাস।’
ধ্রুব মিউজিক স্টেশন আগামী ১৯ আগস্ট রোববার তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করবে গানের ভিডিওটি। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট , জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।




