কমলাপুর স্টেশন যেন জনসমুদ্র
স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে যুদ্ধ করে টিকিট সংগ্রহের পর, এবার নাড়ির টানে বাড়ির পথে রাজধানীবাসী। তাই তো শনিবার (১৮ আগস্ট) ভোর থেকেই জনসমুদ্রে পরিণত হয়, কমলাপুর রেলওয়ে স্টেশন।
ঈদযাত্রার দ্বিতীয় দিনে, মোট ৬৮টি ট্রেন ঢাকা থেকে দেশের বিভিন্ন স্থানের উদ্দেশে ছেড়ে যাবে। এর মধ্যে ৪টি ঈদ স্পেশালসহ ৩১টি আন্তঃনগর সার্ভিস রয়েছে। বাকিগুলো লোকাল ও মেইল ট্রেন।
সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, প্লাটফর্ম জুড়ে ঘরমুখো মানুষের ছুটোছুটি। যে কোন স্বাভাবিক সময়ের চেয়ে কয়েকগুণ বেশি ভিড়। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা যাত্রীদের অনেকেই নির্ধারিত ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। তবে প্লাটফর্মে থেকে থাকা ট্রেনগুলোর ছাদে অনেক যাত্রীকে চড়তে দেখা গেছে। যদিও রেল পুলিশের দাবি, ট্রেনের ছাদে কাউকে ভ্রমণ করতে দেয়া হচ্ছে না।
অন্যদিকে বিনা টিকিটে কমলাপুর স্টেশনের ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। স্টেশনের মূল ফটকে টিকিট দেখিয়ে ভেতরে প্রবেশ করতে হচ্ছে।
যাত্রীদের নিরাপত্তায় র্যাপিড অ্যকশন ব্যাটালিয়ন (র্যাব), পুলিশ, রেলওয়ে পুলিশ, গোয়েন্দা সংস্থার সদস্যসহ আনসার সদস্যরা কাজ করছেন। যাত্রীদের তথ্য দিয়ে সহযোগিতা করছেন রোভার স্কাউট ও রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা।
কমলাপুর রেলওয়ের স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী জানান, সকাল থেকে নির্ধারিত সময়েই ট্রেন ছাড়ার চেষ্টা করছেন তারা। বেলা ১০টা পর্যন্ত বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ১২টি ট্রেন ছেড়ে গেছে।




