ট্রাকের নিচে ঘুমিয়ে ছিল হেলপার, এরপর…
গাজীপুরের শ্রীপুরের মাওনা এলাকায় মনোফিড নামের একটি মৎস্য খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের ভেতর ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ট্রাক চালকের সহকারী মমিন (৩০) নিহত হয়েছে।
শনিবার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। সকাল থেকেই চালকের সহকারী ট্রাকের নিচে ঘুমিয়ে ছিলেন। চালক ও তাঁর নিহত সহকারি উভয়ের বাড়ি সিরাজগঞ্জ জেলার সলঙ্গা উপজেলায়। গত রাতে তাঁরা ভুট্টা নিয়ে সিরাজগঞ্জ থেকে ওই কারখানায় গিয়েছিলেন।
কারখানার সহকারী ম্যানেজার মো. কামরুল ইসলাম সাংবাদিকদের জানান, গত রাতে পণ্যবোঝাই একটি ট্রাক নিয়ে তাঁরা কারখানায় প্রবেশ করেছিলেন। পরে রাত থেকেই চালক গাড়ীর ভিতর ও তাঁর সহকারি গাড়ীর নিচে ঘুমিয়ে ছিলেন। শনিবার সকাল দশটার দিকে চালক ভুট্টা আনলোড করতে ট্রাকটি সরাতে গিয়ে চাকার নীচে পিষ্ট হন তার সহকারি মমিনুল ইসলাম এবং ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় চালককে আটক করে শ্রীপুর থানায় সংবাদ দেয়া হয়।
শ্রীপুর থানার এসআই মো. মঞ্জুরুল ইসলাম জানান, কারখানা কর্তৃপক্ষ ট্রাকের চালক মো. নাজমুল ইসলামকে আটক করে পুলিশে দিয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে শ্রীপুর থানার মামলা প্রক্রিয়াধীন।




