তিনি ভালো মানুষ, ভালো অভিনেতাও: সায়ন্তিকা
ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান। দেশের গণ্ডি পেরিয়ে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন কলকাতায়ও। ওপার বাংলার জনপ্রিয় নায়িকাদের সঙ্গে জুটি বেঁধে উপহার দিচ্ছেন ব্লকাবাস্টার সিনেমা।
এর আগে কলকাতার শ্রাবন্তী ও শুভশ্রীর সঙ্গে জুটি বাঁধেন বাংলাদেশের এ তারকা। শুটিং থেকে শুরু করে ছবির প্রচারণায় পর্যন্ত শাকিব খানকে প্রশংসায় ভাসিয়েছেন টালিউডের এ নায়িকারা। অভিব্যক্তি প্রকাশ করেন এ নায়কের প্রতি ভালো লাগা নিয়ে। এরপর পায়েল মুখার্জির মুখেও শোনা যায় শাকিব বন্দনা।
এবার কলকাতার আরো দুই নায়িকার সঙ্গে অভিনয় করেছেন শাকিব খান। ‘নাকাব’ ছবিতে ওপার বাংলার জনপ্রিয় দুই নায়িকা নুসরাত ও সায়ন্তিকার বিপরীতে দেখা যাবে শাকিবকে। খুব শিগগিরই মুক্তি পাবে ছবিটি। নুসরাত আগেই শাকিবের প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন। এবার মুখ খুললেন সায়ন্তিকাও।
এ অভিনেত্রী বললেন, ‘তিনি অসাধারণ। একজন ভালো মানুষ এবং ভালো অভিনেতাও।’ ‘নাকাব’ ছবিতে শাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। সায়ন্তিকা শাকিবের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন। সম্প্রতি এ ছবির ট্রেইলার মুক্তি পেয়েছে। প্রেম, হাস্যরস আর অ্যাকশনধর্মী এ সিনেমাকে নিয়ে এখন আলোচনার কমতি নেই।
ট্রেইলার প্রকাশের পর ভক্তদের উচ্ছ্বাস দেখে বেশ উত্তেজিত এ নায়িকা। বললেন, ‘যারা এ ছবির ট্রেইলার দেখেছেন, তারা জানেন আমি তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছি। ট্রেইলার বের হওয়ার পর খুব সাড়া পেয়েছি। এটা অসাধারণ অনুভূতি যে পরিশ্রমের ফল মিলেছে। আমি ছবিটি সম্পর্কে বেশি কিছু বলতে চাই না। তবে বলতে পারি, এ ছবিতে অনেক মজা আছে। ছবিটি দর্শকরা পছন্দ করবেন।’




