স্বামীর গলা কেটে স্ত্রী’র আত্মহত্যা
রাজধানীর যাত্রাবাড়ী এলাকার একটি বাসা থেকে জোস্না বেগম (৩০) নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে গলাকাটা অবস্থায় তার স্বামী স্বপন মিয়াকে (৪০) উদ্ধার করা হয়। অচেতন অবস্থায় উদ্ধার করা হয় তাদের দুই শিশু সন্তান ইফতি ও জোহাকে। তারা এখন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার দুপুরে যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকার কাইয়ুমের বাড়িতে এ ঘটনা ঘটে।
ডিএমপির ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জেরে স্ত্রী জোস্না তার স্বামীর হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করে। এজন্য তার দুই সন্তানকে আগেই ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে নেয়। পরে স্বামীর মৃত্যু নিশ্চিত ভেবে সে নিজেই ঘরের সিলিংয়ের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
তিনি বলেন, এই ঘটনায় জোস্নার মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত অবস্থায় তার স্বামীকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।




