গুজবের মামলায় ফারিয়া রিমান্ডে
নিরাপদ সড়কের আন্দোলনের সময় ফেইসবুকে উস্কানিমূলক’ পোস্ট ও ‘গুজব’ ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার কফিশপ মালিক ফারিয়া মাহজবিনকে তথ্য প্রযুক্তি আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত।
শুক্রবার তাকে ঢাকা মহানগর হাকিম একেএম মঈন উদ্দিন সিদ্দিকীর আদালতে হাজির করে পুলিশ রাজধানীর হাজারীবাগ থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। বৃহস্পতিবার রাতে হাজারীবাগ থানাধীন হাজী আফসার উদ্দিন রোডের বাসা থেকে ফারিয়াকে গ্রেপ্তার করা হয় বলে শুক্রবার সকালে র্যাবের পক্ষ থেকে জানানো হয়।
র্যাবের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফারিয়া ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে ছাত্র আন্দোলনকে ‘ভিন্নখাতে প্রবাহিত ও দীর্ঘায়িত করে আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর উদ্দেশ্যে’ বিভিন্ন রকম ‘উসকানিমূলক মিথ্যা তথ্য সম্বলিত আডিও ক্লিপ’ ছড়াচ্ছিলেন।
সরকার শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার পরও ফারিয়া ও তার ‘সহযোগীরা অন্যায়ভাবে বিক্ষোভ কর্মসূচি পরিচালনা এবং রাস্তায় সাধারণ মানুষের ওপর হামলা করার উদ্দেশ্যে অপতৎপরতা’ চালাচ্ছিলেন বলেও সেখানে অভিযোগ করা হয়।
নিরাপদ সড়কের আন্দোলনের সময় গুজব ছড়ানোর অভিযোগে তথ্য প্রযুক্তি আইনে ঢাকার বিভিন্ন থানায় এ নিয়ে মোট নয়টি মামলা হয়েছে।
এসব মামলায় সব মিলিয়ে মোট ৩০ জনকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে আলোকচিত্রী শহিদুল আলম, অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ এবং কোটা সংস্কার আন্দোলনের কর্মীরাও আছেন।




