223397

সমাপ্ত অনুসন্ধান কার্যক্রম, মিরপুরে মেলেনি ‘গুপ্তধন’

বিশেষজ্ঞদের মাধ্যমে প্রযুক্তির সাহায্য নিয়ে রাজধানীর মিরপুর-১০ নম্বরের সেই বাড়িতে গুপ্তধনের সন্ধান না পেয়ে অনুসন্ধান কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) বিকেলে অনুসন্ধান কার্যক্রম সমাপ্ত ঘোষণা করে ঢাকা জেলা প্রশাসন।

আজ দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত ভূতাত্ত্বিক জরিপ অধিদফতর ও বুয়েটের এক্সপার্ট বাড়িটির ভেতরে জিপিআর স্ক্যানার দিয়ে পরীক্ষা করে। কিন্তু সেখানে কোনও ধাতব বা গুপ্তধনের অস্তিত্ব না পেয়ে অভিযানটি সমাপ্ত ঘোষণা করে কর্তৃপক্ষ।

এর আগে গত ১০ জুলাই মোহাম্মদ আবু তৈয়ব নামের এক ব্যক্তি একটি মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর ১২ জুলাই রাতে কয়েকজন লোক বাড়ির ভেতরে গুপ্তধন আছে বলে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করেন। এই মর্মে ১৪ জুলাই বাড়ির মালিক মনিরুল ইসলাম থানায় একটি জিডি করেন। পরে তার আবেদনের পরিপ্রেক্ষিতেই বাড়িটি খননের সিদ্ধান্ত নেয় প্রশাসন।

পরে ২১ জুলাই সকাল ১০টা থেকে মিরপুর-১০-এর সি ব্লকের ১৬ নম্বর রোডের ১৬ নম্বর বাড়িতে গুপ্তধনের সন্ধানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ারুজ্জামানসহ মিরপুর থানা-পুলিশের উপস্থিতিতে মাটি খননকাজ শুরু করেন ২০ জন শ্রমিক। টিনশেডের ওই বাড়ির সাতটি কক্ষের মধ্যে দুটি কক্ষের প্রায় চার ফুট গভীর পর্যন্ত শাবল, কোদাল দিয়ে খনন করেন তাঁরা। কিন্তু ছয় ঘণ্টার খননকাজ চলার পর সেখান থেকে গুপ্তধন বা মূল্যবান কোনো বস্তু পাওয়া যায়নি। যদিও বাড়িটির মাটির নিচে কমপক্ষে দুই মণ স্বর্ণালঙ্কার থাকার দাবি ওঠায় ওই তথ্যের সত্যতা নিশ্চিত করতে এই অভিযান।

ad

পাঠকের মতামত