222766

গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে রোনালদো

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে স্পেনের ইবিজা হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক ব্রাজিলীয় ফুটবলার রোনালদো ‘দ্য ফেনোমেনন’। বর্তমানে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)-তে রাখা হয়েছে বলে জানিয়েছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম।

গত শুক্রবার অসুস্থতা নিয়ে ক্যান মিসেস হাসপাতালে ভর্তি হন রোনালদো। এর আগে ওইদিনই আরেকটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছিলেন তিনি। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে হাসপাতাল পরিবর্তনের পরামর্শ দেন চিকিৎসকরা।

হাসপাতাল সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম দ্য ডেইলি মেইল বলছে, এখনও তাকে ইনটেনসিভ কেয়ারে রাখা হচ্ছে। তবে তার অবস্থা কিছুটা উন্নতির দিকে। ‘তথ্য সুরক্ষার স্বার্থে’ এর বেশি কিছু জানাতে রাজি হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, ব্রাজিল জাতীয় দলের সাবেক খেলোয়াড় রোনালদোকে বিবেচনা করা হয় সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে। স্পেনের ইবিজা দ্বীপে তার একটি বাড়ি রয়েছে এবং প্রায়ই সেখানে বেড়াতে যান তিনি। গত কয়েক সপ্তাহ আগে তিনি সেখানে গিয়েছিলেন।

উল্লেখ্য, ২০১২ সালের জানুয়ারিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন রোনালদো।

ব্রাজিল জাতীয় দলের পাশাপাশি বার্সেলোনা, ইন্টার মিলান এবং রিয়াল মাদ্রিদের মতো বড় বড় ক্লাবের হয়ে দ্যুতিময় ক্যারিয়ার পার করেছেন কিংবদন্তি এই ফুটবলার।

দীর্ঘ ক্যারিয়ারে তিনি সর্বমোট ৪১৪টি গোল করেছেন। তার মধ্যে জাতীয় দলের হয়ে ৯৮ ম্যাচ খেলে করেছেন ৬২ গোল। ২০০২ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে তারই করা জোড়া গোলে জার্মানিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল।

ad

পাঠকের মতামত