১০ টাকার জন্য মৃত্যু পথে গৃহবধূ!
ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের গুপ্তমুন্সি এলাকায় ১০ টাকাকে কেন্দ্র করে স্বামী স্ত্রী মধ্যে ঝগড়া হয়ে নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক গৃহবধূ।
জানা যায়, উপজেলার গুপ্তমুন্সী ৯নং ওয়ার্ডের সিকদার বাড়ির মৃত আবু ছিদ্দিকের ছেলে মোঃ জসিম (৩০) এর সাথে পশ্চিম ইলিশা ৯নং ওয়ার্ডের ওসমান মিয়া’র মেয়ে নাজমা (২৫) সাথে ইসলামী শরীয়াহ মোতাবেক বিবাহ হয়। মাঝে মধ্যে স্বামী স্ত্রী’র মধ্যে ঝগড়া হলে প্রায়ই নাজমা কে মারধর করতো স্বামী জসিম।
এক পর্যায়ে শুক্রবার (১০ আগস্ট) সকালে জসিমের পকেট থেকে ১০ টাকা তার ছেলে নিয়ে যায়। জসিম টাকা না পেয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করলে তিনি জানান, আমি জানিনা। কথা কাটাকাটির এক পর্যায়ে এলাকার সবাইকে বলতে থাকে তার স্ত্রী নাজমা চোর। এদিকে নিজের এলাকায় বলে বেড়াচ্ছেন তার স্ত্রী চোর এবং এলাকার মানুষ এসে বিষয়টি নাজমার কাছে জানতে চায়।
লোকলজ্জায় নাজমা ঘরে থাকা কেরোসিন তেল দিয়ে নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়। পরে তার ছেলের চিৎকারে প্রতিবেশী নুপুর ও চাচি শাশুড়ী রোকসানা এগিয়ে এসে। ততক্ষনেই নাজমা শরীরের বেশির ভাগই অগ্নিদগ্ধ হয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়।
নাজমার বাবা ওসমান মিয়া জানান, আমার মেয়েকে গত বৃহস্পতিবারও মারধর করেছে জসিম, আমি এর বিচার চাই। একই কথা বলেন নাজমার পরিবার। এই বিষয়ে অভিযুক্ত জসিমের সাথে যোগাযোগ করার জন্য তার বাড়িতে গেলেও তাকে পাওয়া যায়নি।
উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান হাছনাঈন আহমেদ হাছান মিয়া জানান, বিষয়টি আমিও শুনেছি। এটি খুবই দুঃখজনক ঘটনা।
ভোলা সদর থানার ওসি তদন্ত মনিরুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জানান, ঘটনাটি শুনেছি। রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হয়েছে। তবে কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




