আখক্ষেতে নারীর লাশ, ওড়নায় বাঁধা অবস্থায় শিশু উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একটি আখক্ষেত থেকে খাদিজা খাতুন (২৬) নামের এক নারী এনজিওকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই সময় ওড়না দিয়ে হাত ও পা বাঁধা অবস্থায় খাদিজার চার বছরের চাচাতো বোন তাবাসসুমকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
শুক্রবার(১০ আগস্ট) দুপুর ১টার দিকে চকক্কির্তি ইউনিয়নের লাওঘাটা বিলের আখক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত খাদিজা একই এলাকার আলাউদ্দীন আলীর মেয়ে।
পুলিশ জানায়, আত্মবিশ্বাস নামে স্থানীয় এক এনজিওতে কাজ করতেন খাদিজা। বৃহস্পতিবার দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে তিনি ধর্ষণের শিকার কি না, তা ময়নাতদন্তে জানা যাবে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মশিউর রহমান জানান, বেলা ১১টার দিকে বিলের মধ্যে আখক্ষেতের একটি ড্রেনে মরদেহ দেখতে পান স্থানীয় এক ব্যক্তি। তার অল্প দূরেই হাত ও পা বাঁধা অবস্থায় শিশুটির কান্না শুনতে পান তিনি। বিষয়টি পুলিশকে জানালে দুপুর ১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।




