221989

‘ভাইয়ের রক্ত শুকানোর আগেই বাস চালকের ফাঁসি চাই’

রাজধানীর মগবাজার ওয়ারলেস এলাকায় বেপরোয়া বাসের চাপায় প্রাণ হারান সাইফুল ইসলাম রানা (২৩)। তার এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না পরিবার।

খিলগাঁওয়ের গোড়ানের হাড়ভাঙা এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করছিলেন সাইফুল ইসলাম রানা। তিনি মগবাজারের কমিউনিটি হাসপাতালে চাকরি করতেন।

ভাইয়ের মৃত্যু সংবাদ শুনে বাবা-মার সঙ্গে হাসপাতালে ছুটে আসেন ছোট দুই বোন। হাসপাতালে ভাইয়ের মরদেহ দেখে চিৎকার করে কাঁদতে থাকেন নার্সিংয়ে পড়ুয়া তানজিম আক্তার সাথী ও নবম শ্রেণিতে পড়ুয়া জান্নাত আক্তার জুথি।

সাথী চিৎকার করে বলতে থাকেন, আমার ভাইয়ের রক্ত আমার হাতে এখনো লেগে আছে, রক্ত শুকানোর আগেই আমি বাস চালক ও বাস মালিকের ফাঁসি চাই। আমাদের একমাত্র ভাই, আদরের ভাইয়া। এভাবে সে চলে যাবে কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমি ঘাতকদের ফাঁসি চাই।

এই বলে আবার দুই বোন একসঙ্গে বিলাপ করতে করতে বলেন, আমার ভাইয়া, ভাইয়া রে, ভাইয়া…তুই ফিরে আয়, আমাদের বুকের ভেতরটা চুরমার হয়ে যাচ্ছে।

এদিকে সন্তান হারিয়ে বাবা শাজাহান আলী ও মা পারভীন বেগম মুখের ভাষা হারিয়ে ফেলেছেন।

চাচা দেলোয়ার হোসেন জানান, ছেলেকে নিয়ে কয়েকদিন আগে জুরাইনে আমাদের বাসায় বেড়াতে এসেছিলো তার বাবা। ভাইয়ের একমাত্র ছেলে ছিলে রানা।

শুক্রবার মগবাজারে এসপি গোল্ডেন লাইন নামে একটি পরিবহনের বেপরোয়া বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাইফুল ইসলাম রানা নিহত হন।

ad

পাঠকের মতামত