‘আমি কিছুই চাই না, গাড়ির মালিক ও চালকের ফাঁসি চাই’
সড়কে হত্যার প্রতিবাদে সারা দেশ যখন উত্তাল। প্রতিবাদকারীরা যখন রাস্তায় তখনও নিবৃত হয়নি বেপরোয়া গাড়িচালকরা।
শুক্রবার মালিক সমিতির অঘোষিত পরিবহন ধর্মঘাটে ফাঁকা রাজধানীতে খুনি চালকের বেপরোয়া বাসের ধাক্কায় শুক্রবার খোদ রাজধানী ঢাকার মগবাজারে নিহত হয়েছেন সাইফুল ইসলাম রানা নামে এক মোটরসাইকেল আরোহী।
ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসের চালককে আটক করে পুলিশে সোপর্দ করে এবং বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।
আটক বাসচালকের নাম ইমরান সর্দার। নিহত সাইফুল ইসলাম মগবাজার কমিউনিটি হাসপাতালে চাকরি করতেন। তার বয়স আনুমানিক ৩০ বছর।
সাইফুল ইসলামের খালা রোখসানা বেগম জানান, সাইফুলের বাড়ি বরিশালের বানারীপাড়া থানার তেতলা গ্রামে। তার বাবার নাম শাহজাহান আলী। দুই বোন এক ভাইয়ের মধ্যে সাইফুল বড়।
রাজধানীর উত্তর গোড়ানের ৩৯নং বাসায় পরিবারের সঙ্গে থাকতেন সাইফুল। কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হয়।
নিহত সাইফুল ইসলামের বাবা শাহজাহান আলী বলেন, ওরা আমার নিষ্পাপ ছেলেকে হত্যা করেছে। আমি ওকে কখনো খারাপ কিছু শেখাইনি। আমি কিছুই চাই না গাড়ির মালিক এবং চালকের ফাঁসি চাই।
তিনি আরও বলেন, গাড়ির মালিক অযোগ্য চালকের হাতে গাড়ি দেয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্যমতে, সাতক্ষীরা-ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস মগবাজার ওয়ারলেস এলাকায় এক মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এতে ওই ব্যক্তি গুরুতর আহত হন।
এ সময় একটি রিকশাকেও ধাক্কা দেয় বাসটি। স্থানীয় লোকজন ওই মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে প্রথমে স্থানীয় সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে তার স্বাস্থ্যের অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এছাড়া ওই রিকশারচালক ও দুই যাত্রী সামান্য আহত হন। বিক্ষুব্ধ জনতা বাসটি আটকে এর চালককে ধরে পুলিশের কাছে সোপর্দ করে। পরে বাসটিতে আগুন ধরিয়ে দেয় তারা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নেভায়।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা রমনা থানার উপপরিদর্শক (এসআই) মহিবুল্লাহ জানান, মগবাজার-মৌচাক ফ্লাইওভার ব্রিজের মগবাজার ওয়ারলেস গেটের ঢাল দিয়ে নেমে এসপি গোল্ডেন লাইন পরিবহনের বাসটি যাচ্ছিল মালিবাগের দিকে। ওয়ারলেস গেটে ঢাল দিয়ে নামার পরই বাসটি একটি মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়।
তিনি জানান, এতে মোটরসাইকেলের চালক রানা গুরুতর আহত হয়। সঙ্গে সঙ্গে উদ্ধার করে পথচারীরা তাকে পাশের সিরাজুল ইসলাম মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআই আরও জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ঘাতক বাস চালককে আটক করে। তাকে উত্তমমাধ্যম দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে। এদিকে ছেলের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে বাবা শাহজাহান আলী ও দুই বোন সাথী ও যুথি।




