প্রতীক ও প্রীতমের ‘গার্লফ্রেন্ডের বিয়া’
বাংলাদেশের সংগীতাঙ্গনে প্রতীক হাসান ও প্রীতম হাসান পরিচিত নাম। প্রয়াত কিংবদন্তী সংগীতশিল্পী খালিদ হাসান মিলু’র সন্তান তারা। এবার দুই ভাই একসঙ্গে একটি গান নিয়ে শ্রোতাদের সামনে আসছেন। গানের শিরোনাম ‘গার্লফ্রেন্ডের বিয়া’।
আগামী ২ আগস্ট ভিডিও আকারে গানটি প্রকাশ করবে অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল মিউজিক। লুৎফর হাসানের কথায় গানের সুর করেছেন প্রীতম।
সম্প্রতি বিএফডিসিতে গানটির শুটিং সম্পন্ন হয়েছে। ভিডিওটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। প্রতীক হাসান ও প্রীতম হাসানের গার্লফ্রেন্ডের চরিত্রে অভিনয় করেছেন মডেল অভিনেত্রী টয়া।
বিশেষ একটি চরিত্রে দেখা যাবে মুকিত জাকারিয়াকে। একটি বিশেষ দৃশ্যে ভিডিওতে পাওয়া যাবে সংগীতশিল্পী হাবিব ওয়াহিদকে।
এ সম্পর্কে প্রতীক হাসান বলেন, ‘আমাদের কাছে শ্রোতারা যে ধরনের গান শুনতে চান সেই ধরনের গানই হচ্ছে গার্লফ্রেন্ডের বিয়া। গানটি শুনে শ্রোতাদের ভালো লাগবে’।
প্রীতম হাসান বলেন, ‘আমি সব সময় নতুন কথা এবং মজার মজার বিষয় নিয়ে গান করতে পছন্দ করি। এবারের গানটি অনেক ইন্টারেস্টিং। গানের গল্পের সাথে মিল রেখেই অংশু ভাই ভিডিওটি বানিয়েছেন। আমার ভক্ত-শ্রোতারা গানটি দারুণ উপভোগ করবেন বলে আমার বিশ্বাস’।




