‘গা ঘেঁষে দাঁড়াবেন না’
প্রেমিকার খোঁপা প্রেমিকের আকর্ষণ! বর্তমানে খোঁপার বাঁধনে বদল এসেছে। এখন আবার সেই খোঁপাও জনপ্রিয় হয়েছে।
এদিকে, প্রিয়ার খোঁপার বাঁধনে কবির হৃদয় যেমন বার বার বাঁধা পড়েছে, তেমনি কবিরা অজস্র বার প্রেয়সীর খোঁপা সাজাতে চেয়েছেন নানা বর্ণের ফুল দিয়ে।
যদিও স্বামীরা তার স্ত্রীর খোঁপায় গোলাপ গুঁজে দিতে বেশ পটু। কিন্তু, কর্মব্যস্তময় জীবনে তরুণী- নারীরা খোঁপায় ফুল নয়, বরং বিভিন্ন ফ্যাশন বিপণির তৈরি কাঁটা গুঁজেই কর্মক্ষেত্রের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে।
আর নারীদের এই খোঁপার কাঁটাকে যৌন হেনস্তার প্রতিবাদে বার্তা দেয়ার কাজে এটি ব্যবহার করছেন ২৮ বছর বয়সী জিনাত জাহান নিশা নামের একজন নবীন ডিজাইনার।
জিনাত তার তিন ভাইবোন বিজু, জিসা আর শুভকে সঙ্গে নিয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকভিত্তিক অনলাইন শপ ‘বিজেন্স’ খুলেছেন। এখানে তিনি ফ্যাশনের সঙ্গে সঙ্গে প্রতিবাদের সুর যুক্ত করেছেন।
তিনি তার তৈরি নারী চুলের খোঁপার কাঁটায় লিখেছেন- ‘গা ঘেঁষে দাঁড়াবেন না।’
এ বিষয়ে নিশার মন্তব্য করেন, ‘রাস্তা-ঘাটে মেয়েদের হয়রানির সঙ্গে আমরা যেন অভ্যস্তই হয়ে গেছি। বাস-ট্রেনে অনেক বার অস্বস্তিকর অভিজ্ঞতার মুখোমুখি আমি নিজেও হয়েছি। তারই প্রতিবাদ তুলে ধরতে চেয়েছি খোঁপার কাঁটায়।’
নারীর চুলের খোঁপার কাঁটায় এমন প্রতিবাদ তুলে কি সমাজ থেকে এসব অন্যায় দূর করা সম্ভব? এমন প্রশ্নের উত্তরে নিশা বলেছেন, ‘খোঁপার কাঁটায় লিখেই সব সমস্যা মিটে যাবে না। কিন্তু, প্রথম এবং শেষ কথা হচ্ছে- আওয়াজ তোলা। আমি আওয়াজ তুলেছি।’
যৌন হেনস্তার প্রতিবাদে এমন উদ্যোগ ইতোমধ্যে প্রচুর সাড়া পেয়েছেন। বিপণির ফেসবুক পেজ জমে উঠেছে। সেখানে হিজাব পিনেও এমন প্রতিবাদী বার্তা লেখার অনুরোধ করছে অনেকেই।
প্রসঙ্গত, নিশা এর আগেও ‘থামুন’ লেখা আংটি, দুল, পেনড্যান্ট বানিয়েছিলেন।




