পরকীয়ার জেরে যুবককে গলা কেটে হত্যা
নোয়াখালীর সুবর্ণচর পরকীয়ার জেরে সাহাব উদ্দিন (৪৫) নামে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে তার বসতঘর থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
নিহত সাহাব উদ্দিন উপজেলার চর আমান উল্যা ইউনিয়নের সাতাশ দ্রোন গ্রামের নুর মোহাম্মদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সাহাব উদ্দিন রাতের খাবার পর পরিবারের সঙ্গে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে তার স্ত্রী আলেয়া বেগমের চিৎকারে এলাকাবাসীর ঘটনাস্থলে গিয়ে সাহাবের লাশ দেখতে পান। পরে চর জব্বর থানায় খবর দিলে শোয়ার ঘরের খাটের উপর থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর সার্কেল মো. শাহজাহান জানান, পরকীয়ার জের ধরে সাদ্দাম হোসেন নামে এক যুবক তাকে হত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, সাদ্দাম বেশ কিছুদিন যাবৎ সাহাব উদ্দিনের স্ত্রীকে উত্ত্যক্ত করে আসছে-এই ঘটনা এলাকায় জানাজানি হয়। পরে থানা পুলিশকে জানালে একটি নিয়মিত মামলায় তাকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। জেল থেকে জামিনে এসে গত রাত ২টার দিকে সাহাবের ঘরে প্রবেশ করে সে। প্রথমে ধারালো অস্ত্র দিয়ে এক কোপ দিলে তার চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে আসে। পরে পর পর দুই কোপ দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে পালিয়ে যায়।
অভিযুক্ত সাদ্দাম হোসেনকে আটকের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।




