220147

ইউনাইটেডে খালেদার চিকিৎসা করাতে ভাইয়ের আবেদন

 

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পারিবারিক খরচে তার পছন্দের ইউনাইটেড হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য সরকারের কাছে আবেদন করেছেন তার ছোট ভাই শামীম ইস্কান্দার।

মঙ্গলবার দুপুরে খালেদা জিয়ার উপদেষ্টা বিজন কান্তি সরকার এই আবেদন স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে পৌঁছে দেন।

ইউনাইটেড হাসপাতালে খালেদার চিকিৎসার অনুমতি চেয়ে তার ছোট ভাই শামিম ইস্কানদার করা আবেদনে বলা হয়েছে, বর্তমানে আমার বড় বোন বেগম খালেদা জিয়াকে ঢাকাস্থ নাজিম উদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। তিনি (খালেদা) দীর্ঘদিন যাবত বিভিন্ন অসুখে আক্রান্ত। কারা অভ্যন্তরে তিনি প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের সুযোগ পাচ্ছেন না। ফলে, দীর্ঘ কারাবাসে তার শারিরিক অবস্থার মারাত্মক অবনতি হয়েছে।

এতে আরো বলা হয়, গত ৯ জুন ২০১৮ তারিখে কারা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে চারজন বিশেষজ্ঞ চিকিৎসক কারা অভ্যন্তরে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করেন। উক্ত চিকিৎসকরা জানিয়েছেন, বেগম জিয়া গত ৫ জুন ২০১৮ তারিখে মাইল্ড স্ট্রোক আক্রান্ত হন। ফলে, ভবিষ্যতের জন্য এ ধরণের বিষয় বড় রকমের ঝুঁকির পূর্বাভাস বহন করছে। তাকে অনতিবিলম্বে ঢাকাস্থ বিশেষায়িত ইউনাইটেড হাসপাতালে ভর্তিপূর্বক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা প্রদান অতিব জরুরি।

আবেদনে বলা হয়, আমি এই মর্মে নিশ্চয়তা দিচ্ছি যে, তার এ ধরনের চিকিৎসার সকল ব্যয়ভার আমরা নিজ কিংবা পারিবারিকভাবে বহন করব। অতএব, বেগম খালেদা জিয়াকে ব্যক্তিগত খরচে ঢাকাস্থ ইউনাইটেড হাসপাতালে ভর্তি করে উন্নত চিকিৎসার অনুমতি দেয়ার আবেদন করছি।

ad

পাঠকের মতামত