ফেসবুক লাইভ ভিডিওতে স্কুলছাত্রীর ‘আত্মহত্যা’
ফেসবুকে লাইভ ভিডিও কল করে আত্মঘাতী হয়েছেন দ্বাদশ শ্রেণির এক ছাত্রী। মেয়েটির নাম মৌসুমী মিস্ত্রি বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুরে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেম ঘটিত কারণেই এই ‘আত্মহত্যার’ ঘটনা ঘটেছে।
১০ জুন, রবিবার মৌসুমী রুমের ভেতর থেকে বের না হলে সন্দেহ হয় পরিবারের সদস্যদের। মৌসুমীর বাবা ডাকাডাকি করলেও কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি রুমের ভেতর থেকে। পরে রুমের জানালা দিয়ে দেখা যায় মৌসুমী ওড়নায় ফাঁস দেওয়া অবস্থায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ থেকে জানা গেছে, আত্মহত্যা করার আগে মৌসুমী আরিয়ান নামে এক ছেলের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন। ভিডিওটি মৌসুমীর মোবাইলে এখনো রয়েছে।
এদিকে আরিয়ান জানিয়েছেন, মৌসুমী আত্মহত্যা করার কথা বলায়, তিনি ফোন কেটে দেন।
ইতোমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। এই ঘটনায় মৌসুমীর মা অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন ৷




