জামিন পেয়েছেন গায়ক আসিফ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। গায়ক শফিক তুহিনের দায়ের করা মামলায় গত মঙ্গলবার (৫ জুন) তাকে গ্রেফতার করেছিল পুলিশ।
আজ সোমবার সকালে আসিফ আকবরের পক্ষে তার আইনজীবীরা ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কেশব রায় চৌধুরীর আদালতে জামিন আবেদন করেন। বিনিময়ে শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন। মামলায় পুলিশ প্রতিবেদন দাখিল করার আগ পর্যন্ত এ জামিন বহাল থাকবে।
গত ৪ জুন সন্ধ্যায় আসিফের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে মামলা দায়ের করেন গীতিকার, সুরকার ও গায়ক শফিক তুহিন। পরদিন মঙ্গলবার রাত দেড়টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল এফডিসির কাছে আসিফের অফিস থেকে তাকে গ্রেপ্তার করে।
পরদিন বুধবার এই শিল্পীর রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।




