দুই কোটি টাকা পুরস্কার ঘোষণা
এশিয়া কাপের শিরোপা জিতে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সোমবার সন্ধ্যা ছয়টায় হযরত ইউএস বাংলার একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন সালমা-রুমানারা।
বিমানবন্দর থেকে ক্রিকেটাররা সরাসরি চলে যান রাজধানীর সোনারগাঁও হোটেলে। সেখানেই তাদের সংবর্ধনা দেয়া হয়। এসময় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নারী ক্রিকেট দলকে দুই কোটি টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দেন। বিসিবির পক্ষে পুরো দলকে এই পুরস্কার দেয়া হবে। তবে প্রত্যেক খেলোয়াড় পাবেন ১০ লাখ টাকা করে।
বিসিবি সভাপতি জানান, এছাড়া যারা ভালো করেছে তারা বাড়তি টাকা পাবে। পারফরম্যান্সের ভিত্তিতে এই টাকা পুরস্কার দেয়া হবে। আর দলের স্পন্সর রবি প্রত্যেক খেলোয়াড়কে একটি করে আইফোন ৬ পুরস্কার দিচ্ছে।
রোববার কুয়ালালামপুরের কিনরারা অ্যাকাডেমি ওভাল মাঠে শ্বাসরুদ্ধকর ফাইনালে ছয়বারের চ্যাম্পিয়ন ভারতকে তিন উইকেটে হারায় বাংলাদেশ। এমন দুর্দান্ত অর্জনে মেয়েদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।




